বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ওয়ার্মআপ ম্য়াচে চোট পেলেন তরুণ পেসার
ওয়ার্মআপ ম্য়াচ হলেও ভারতকে ছন্দেই দেখা গিয়েছে। যা স্বস্তি দিচ্ছে গৌতম গম্ভীরকে। ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে ভারত। ঈশান কিশানও দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র ২০ বলে করেন ৫৩ রান।

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। বাইশ গজে নেমে পড়ার আগে বড় চোটের মুখে পড়ল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হল পেসার হর্ষিত রানাকে। বুধবার মুম্বইয়ের ডিওয়াই পাটিলে ম্য়াচ খেলাকালীন এই ঘটনাটি ঘটে। যা ভারতীয় শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হর্ষিত মাত্র এক ওভার বল করতে পেরেছিলেন। সেই ওভারে ১৬ রান দেন তিনি। ম্য়াচ বল করার সময় দু’বার তাঁর পা হড়কে যায়। এরপর হাঁটুর ব্য়াথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। আর ম্যাচে ফিরতে দেখা যায়নি তাঁকে। হর্ষিতের চোটটা ঠিক কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। বিসিসিআইও কোনও সরকারি বিবৃতি দেয়নি। ফলে বিশ্বকাপের আগে হর্ষিতকে নিয়ে হঠাৎ করেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এর আগে ওয়াশিংটন সুন্দরের চোট ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে চোট পাওয়ার পর এখনও বিশ্বকাপ শিবিরে যোগ দিতে পারেননি। তাঁর বিকল্প হিসেবে কাউকে নেয়নি দল। মনে করা হচ্ছে, নক আউটের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন ওয়াশিংটন। তারপরই আবার হর্ষিতের চোট। পর পর ঘটনা ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। উদ্বেগের মাঝেই কিছুটা স্বস্তির খবরও মিলেছে। চোট সারিয়ে তিলক বর্মা ব্যাট ও বল দুই ভূমিকাতেই নজর কেড়েছেন। বাঁ হাতি এই ব্যাটার ১৯ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। যেখানে ছিল তিনটি ছয় ও তিনটি চার। একটি ওভার বল করে মাত্র ৯ রান খরচ করেন তিনি।
ওয়ার্মআপ ম্য়াচ হলেও ভারতকে ছন্দেই দেখা গিয়েছে। যা স্বস্তি দিচ্ছে গৌতম গম্ভীরকে। ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে ভারত। ঈশান কিশানও দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র ২০ বলে করেন ৫৩ রান। অন্য় দিকে, দক্ষিণ আফ্রিকাকেও ২১০ রানে আটকে দেয় ভারত। বোলিংয়ে মোট ন’জন বোলারকে ব্যবহার করা হয়। যার মধ্যে অভিষেক শর্মা নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলিয়ে জয় হলেও হর্ষিত রানার চোটের খবর বিশ্বকাপের আগে ভারতীয় দলকে চাপে রাখছে।
