FIFA U15 World Cup: ভারতের জয়রথ ছুটছেই, দুরন্ত ফর্মে বাহরাইন বধ বিবিয়ানোর ছেলেদের
Indian Football Team: দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করা শুরু করে বাহরাইন। ২৮ মিনিটে দূরপাল্লার শোতে বাহরাইনের হয়ে প্রথম গোল করেন রাশেদ আব্দুল রহমান। এর ঠিক পরের মিনিটেই হেডে গোল করেন জেয়াদ আয়ুন। মুহূর্তের মধ্যে ম্যাচের স্কোর ২-০ থেকে ২-২ হয়ে যায়।

বাকু: দুরন্ত ফর্মে রয়েছে ভারতের ছেলেরা। ফিফা অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ উত্তেজক ম্যাচে বাহরাইনকে ৪-৩ গোলে হারাল ভারতের ছেলেরা। এই ম্যাচ খেলে এখনও অপরাজিত রইলেন বিবিয়ানোর ছেলেরা। এই জয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখল ভারত। ব্লু কোল্টস-এর হয়ে জোড়া গোল করেন লালরেমরুয়াতফেলা। একটি করে গোল করেন ম্যাকডনিশ ও নিবাস মেইতেই।
শুরুতে ডিফেন্সিভ খেললেও ধীরে ধীরে আক্রমণ করা শুরু করে ভারত। বলের দখল নিয়ে লড়াই চললেও ক্রমে আক্রমণ বাড়ায় বিবিয়ানোর দল। ১৬ মিনিটে প্রথম গোল পায় ভারত। অধিনায়ক বিরজিৎ সিং আমোমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন ম্যাকডনিশ। এর মিনিট সাতেক পর আবার গোল করে ভারত। বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন লালরেমরুয়াতফেলা। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করা শুরু করে বাহরাইন। ২৮ মিনিটে দূরপাল্লার শোতে বাহরাইনের হয়ে প্রথম গোল করেন রাশেদ আব্দুল রহমান। এর ঠিক পরের মিনিটেই হেডে গোল করেন জেয়াদ আয়ুন। মুহূর্তের মধ্যে ম্যাচের স্কোর ২-০ থেকে ২-২ হয়ে যায়। ৩৮ মিনিটে সৌম্যজিতের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন লালরেমরুয়াতফেলা। এর পরের মিনিটেই তাঁর পাস থেকে গোল করেন নিবাস মেইতেই। ফলে ৪-২ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের শেষ মিনিটে জেয়াদ নিজের দ্বিতীয় গোল করলেও তখন আর ম্যাচে ফিরতে পারেনি বাহরাইন।
শেষ অবধি ৪-৩ গোলে জিতল ভারত। এর ফলে এখনও দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় ফুটবলাররা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্ৰুপ শীর্ষে ভারত। আজ, সোমবার রাত ৯টা নাগাদ সেনেগালের মুখোমুখি হবে ব্লু কোল্টস। ম্যাচটি সরাসরি দেখা যাবে DAZN-এর ওয়েবসাইটে।
