FIFA World Cup 2026: বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই ইতিহাস কেপ ভার্দের, নক-আউটে ভোজিনহারা!
Cabo Verde: ইতিহাস গড়ল কেপ ভার্দে। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। গ্রূপের দ্বিতীয় স্থানেই রইল তারা। এর ফলে বিদায় ঘটে গেল উরুগুয়ের। কারণ তারা স্পেনের কাছে হেরেছে ১-০ গোলে। তবে নক আউট ম্যাচে কঠিন প্রতিপক্ষের সামনে কেপ ভার্দে।

হিউস্টন : ছোটবেলায় রূপকথার গল্প কে না পড়েছে। সেখানে বেশ কিছু গল্প এমনও ছিল, যার নীতিকথা ছিল, অসম্ভবকে সম্ভব করা যায়। সেইসব গল্প কি পড়ে এসেছিল কেপ ভার্দে? বিশ্বকাপে ইতিমধ্যেই স্বপ্নের শুরু করেছে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দের ফুটবল দল। এবার প্রথম বিশ্বকাপেই নজির গড়লেন ভোজিনহারা। প্রথম বিশ্বকাপেই নক আউটে কোয়ালিফাই করল এই দেড় লক্ষ জনসংখ্যার দেশ। এর আগে দুই ম্যাচই (স্পেন ও উরুগুয়ে) ড্র করেছিল কেপ ভার্দে। এবার সৌদি আরবের বিরুদ্ধেও ০-০ ড্র করল কেপ ভার্দে। ফলে, গ্ৰুপে রানার্স হয়ে কোয়ালিফাই করল এই দেশ।
শুরু থেকেই আক্রমণ বানিয়ে গিয়েছিল সৌদি। তবে, কেপ ভার্দের ডিফেন্স শক্তিশালী হওয়ার কারণে গোল করতে ব্যর্থ হয় তারা। তবে আজ চাপে পড়ল সৌদি আরব। প্রথমার্ধেই চোটের কারণে মাঠে পড়ে যান ডিফেন্ডার হাসান আল তামবাকতি। দুই দলই চেষ্টা করতে থাকলেও গোল করতে পারেনি কেউই। প্রথমার্ধে কেপ ভার্দের জামিরো মন্তেরোর বাঁ পায়ের শট আটকে দেয় আরব। দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ মিস করেছেন দুই দলের খেলোয়াড়রা। আজকেও গোটা ম্যাচে প্রায় ৪টি গোলের সুযোগ প্রতিহত করেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। ফলে ০-০ ফলেই শেষ হল কেপ ভার্দে বনাম সৌদি আরবের ম্যাচ। এর ফলেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। গ্রূপের দ্বিতীয় স্থানেই রইল তারা। এর ফলে বিদায় ঘটে গেল উরুগুয়ের। কারণ তারা স্পেনের কাছে হেরেছে ১-০ গোলে। তবে নক আউট ম্যাচে কঠিন প্রতিপক্ষের সামনে কেপ ভার্দে। প্রতিপক্ষ লিও মেসিদের আর্জেন্টিনা। ২০১০ সালের পর এই প্রথম কোনো দেশ প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই নক আউট পর্বে গেল। সেবার নক আউট খেলেছিল স্লোভাকিয়া। এবার কেপ ভার্দে।
আগেই উরুগুয়েকে হারিয়ে গ্ৰুপ এইচ থেকে বের করে দিয়েছে স্পেন। এবার তারাও কোয়ালিফাই করল রাউন্ড অফ ৩২ এ। এই সব দেখেই কোনও এক ভারতীয় ফুটবল সমর্থকের মন ভেঙে যায়। ওরা যদি দেড় লাখের জনসংখ্যা হয়, ওরা যদি প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই নক আউট চলে যায়, তাহলে আমরা, ভারত কেন পারি না? আর কী বিশ্বকাপ আয়োজন করা ছাড়া কি ভারত কোনওদিনও কোয়ালিফাই করতে পারবে না? আর কী কী করতে হবে ভারতীয় দলকে? কে জানে!
