
কলকাতা : বেশি নয়, কয়েক সপ্তাহ আগেও তিনি ছিলেন সমর্থকদের চোখে হিরো। যেখানেই তিনি যাচ্ছিলেন, তাঁকে ঘিরে জমা হচ্ছিল ভিড়। তাঁর বিমানবন্দর থেকে নামার ছবি, ভিডিও মুহূর্তের মধ্যে হচ্ছিল ভাইরাল। সময় পাল্টায়। সেই জন্যই ভিড়ের মাঝেও তিনি, অভিষেক শর্মা নিজেকে নিয়েই ব্যস্ত। চলতি বিশ্বকাপে ফর্ম নেই। চূড়ান্ত ব্যর্থ অভিষেক। কোনও এক অদৃশ্য যুদ্ধে যেন তিনি নিজেই নিজের সঙ্গে সংগ্রামে ব্যস্ত।
বিশ্বকাপের আগে ভারতের সবথেকে আলোচিত তারকার নাম জানতে চাওয়া হলে নিঃসন্দেহে অভিষেকের নামই উঠত। বিশ্বকাপ শুরুর পর থেকেই যেন খরা চলছে অভিষেকের ব্যাটে। আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। অসুস্থ থাকায় নামিবিয়ার বিরুদ্ধে খেলা হয়ে ওঠেনি তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ বলেই আউট হয়েছেন অভিষেক। অর্থাৎ, দুই ম্যাচ খেলে এক রানও করতে পারেন নি তিনি। এই ব্যর্থতাই ভাবাচ্ছে অভিষেককে। আজ শেষ ম্যাচে তুলনামূলক স্বস্তিতেই রয়েছে ভারতীয় শিবির। সাংবাদিক সম্মেলনে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক অভিষেককে নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন। তিনি বলেছেন,”আমরা অহেতুক চিন্তা করছি না। অভিষেক যথেষ্ট ভাল অনুশীলন করছে। আশা করছি, আজকেই ও রান পাবে। ও নিজে জানে কীকরে বিপক্ষকে সামলাতে হয়।” ঐচ্ছিক অনুশীলন থাকায় বেশিরভাগ খেলোয়াড়ই নেটে আসেন নি। ব্যতিক্রম একমাত্র অভিষেক। স্পিনারদের বিরুদ্ধে এক ঘন্টা ধরে বিশাল বিশাল শট মারতে দেখা গেল তাঁকে। হয়ত এর মাধ্যমেই বার্তা দিলেন, তিনি ফিরে আসবেনই।
অভিষেক ছাড়াও তিলক, রিঙ্কু এবং অধিনায়ক সূর্য এসেছিলেন ট্রেনিংয়ে। তাঁদেরও বড় শট মারতে দেখা গেল। কুলদীপকে দেখা গেল ক্যাচিং প্র্যাকটিস করতে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ক্যাচ মিস করেছেন তিনি, যা ভুগিয়েছে দলকে। আজ নিয়মরক্ষার ম্যাচে হয়ত বিশেষ বদল হবে না দলে। হয়ত ভারত বিশ্রাম দিতে পারে হার্দিক এবং বুমরাকে। সুযোগ পেতে পারেন অর্শদীপ সিং। তবে, আজ নজরে একজনই। অভিষেক শর্মা।