
কলকাতা : দিন কয়েক আগেই জল্পনা বেড়েছিল ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ইস্তফা নিয়ে। এবার নির্বাচক প্রধান অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়া নিয়েও চর্চা শুরু ক্রিকেটমহলে। শোনা যাচ্ছে, তিনি নিজেই ভারতীয় বোর্ডের কাছে নিজের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেহেতু আগরকরের চুক্তি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে, তাই এই মুহূর্তে এই বিষয়ে ভাবতে নারাজ ক্রিকেট বোর্ড।
চলতি বছরের সেপ্টেম্বর মাস অবধি বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে আগরকরের। তবে মেয়াদ শেষের আগেই বোর্ডের কাছে এক বছর চুক্তি বাড়ালেন তিনি। ২০২৩ সালের জুন মাস থেকে এই পদে রয়েছেন অজিত। ভারতীয় দলের ২০২৪, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় – সবই তাঁর পদে থাকাকালীন পেয়েছে ভারত। আগরকর নির্বাচক থাকাকালীন ভারতীয় দল চারটি আইসিসি প্রতিযোগিতার ফাইনাল খেলেছে। জয় ৩, হার ১। এরপরেই আগরকর চান তাঁর চুক্তি যেন ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। এই বিষয়ে ভারতীয় বোর্ড এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। ক্রিকেটমহলের মতে, এমন অভাবনীয় সাফল্যের পর তাঁকেই নির্বাচক প্রধান হিসেবে দেখতে চায় বিসিসিআই-এর একাংশ। আবার আর এক সূত্র বলছে, তাঁর জায়গায় সম্ভবত আসতে চলেছেন অন্য কেউ। একাংশের মত, হয়ত বোর্ড আগরকরের চুক্তির মেয়াদ বাড়াতেই পারে। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিতর্কে আগরকর ও গম্ভীরের জুটি। বিরাট কোহলি ও রোহিত শর্মা তাঁদের জমানাতেই অবসর নেন। যদিও কারও দাবি, আগরকর ও গম্ভীরের জুটিই এভাবে অবসর নিতে বাধ্য করেছে। এর মধ্যেই ২০২৭ সাল অবধি আগরকর থাকার অর্থ আবার রো-কোর পারফরম্যান্সকে আতশকাচের তলায় রাখবেন অজিত নিজেই।
২০২৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। প্রাথমিক পর্বে ২০ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। রোহিত ও কোহলির এটাই শেষ বিশ্বকাপ। কোহলি আগেই বিশ্বকাপ পেলেও (২০১১) রোহিত এখনও বিশ্বকাপ পাননি। ২০২৩ সালের ফাইনালে উঠেও হারতে হয়েছিল শক্তিশালী অজিদের বিরুদ্ধে। নিজেদের শেষ সুযোগে বিশ্বকাপই জিতে কেরিয়ার শেষ করতে চান দুই মহারথী।