India vs Pakistan : বৃষ্টির ভ্রুকুটি সত্ত্বেও তুঙ্গে ভারত-পাক উন্মাদনা!

ম্যাচ রবিবার হলেও বৃহস্পতিবার থেকেই স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিটের জন্য পড়েছে লম্বা লাইন। ৩৭ হাজার দর্শকাসনের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকার আশা করছেন প্রতিযোগিতার অফিশিয়াল কর্মীরা। শুধু শ্রীলঙ্কাই নয়, অনেকে এই ম্যাচ দেখতে উড়ে এসেছেন বিদেশ থেকেও।

India vs Pakistan : বৃষ্টির ভ্রুকুটি সত্ত্বেও তুঙ্গে ভারত-পাক উন্মাদনা!
Image Credit source: MB Media/Getty Images

| Edited By: Moumita Das

Feb 13, 2026 | 2:45 PM

কলকাতা : ভারত-পাক মহারণ শুরু হতে বাকি আর দু’দিন। তার মধ্যেই টিকিট নিয়ে রীতিমতো হাহাকার শুরু হয়ে গিয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। অতীতে দুবাই বা এমসিজিতে খেলা হলেও এবার শ্রীলঙ্কায় বসতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচের আসর। মাঠের দর্শকসংখ্যা ৩৭ হাজার হলেও টিকিট নিয়ে উন্মাদনা ক্রমে বেড়েই চলেছে। এই মুহূর্তে গ্ৰুপে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং পাকিস্তান। তাই এই ম্যাচে যে জিতবে, সে সুপার এইটের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।

ম্যাচ রবিবার হলেও বৃহস্পতিবার থেকেই স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিটের জন্য পড়েছে লম্বা লাইন। ৩৭ হাজার দর্শকাসনের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকার আশা করছেন প্রতিযোগিতার অফিশিয়াল কর্মীরা। শুধু শ্রীলঙ্কাই নয়, অনেকে এই ম্যাচ দেখতে উড়ে এসেছেন বিদেশ থেকেও। টিকিট সব বিক্রি হয়ে গেলেও কোনও ‘সোল্ড আউট’ বোর্ড না থাকায় সমস্যা বাড়ছে। একটি টিকিটের আশায় স্টেডিয়ামের সামনে ভিড় জমাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় কোনও টিকিটই অবশিষ্ট নেই আর। এই অসহনীয় মুহূর্তের ফায়দা তুলছে ব্ল্যাকাররা। ৫০০ টাকার টিকিটের দাম ছুঁয়েছে প্রায় ১০ হাজারের ঘর। রবিবার অর্থাৎ ম্যাচের দিন আরও বাড়বে টিকিটের অঙ্কের পরিমাণ, এমনই আশা করা হচ্ছে। অনলাইনে যাঁরা টিকিট কিনেছেন, তাঁরা ম্যাচের দিন চড়া দামে টিকিট বিক্রি করতে পারেন। ম্যাচের দিন এই কালোবাজারি আরও বাড়বে। পুলিশের পক্ষেও সম্পূর্ণ ভাবে এই ব্ল্যাক থামানো প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। ম্যাচটি কেন্দ্র করে কলম্বো শহরের সব হোটেল এখন পর্যটকে ভর্তি। এত ভিড়ের ফলে হোটেল, দোকান সব জায়গাতেই মূল্যবৃদ্ধি হতে চলেছে। স্থানীয় যাতায়াত ব্যবস্থা এবং পর্যটন শিল্পেও দাম বাড়বে বলেই আশা করা হচ্ছে।

এই ম্যাচ ঘিরে শুরু হয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার মুষলধারে বৃষ্টি হতে পারে কলম্বোয়। এই বৃষ্টির ফলে নতুন করে নিজেদের রণকৌশল সাজাবে পাকিস্তান। বৃষ্টির কারণে ওভার কমে এলে বড় ফায়দা তুলতে চাইবে পাকিস্তান। সেক্ষেত্রে পেসার নাসিম শাহ এবং সলমন মির্জার দলে অন্তর্ভুক্তি হতে পারে। শ্রীলঙ্কার মাটিতে এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাক। ২০১২ সালে এই কলম্বোতেই সাক্ষাৎ হয়েছিল দুই দলের। ৮ উইকেটে সেই ম্যাচে পাকিস্তান বধ করেছিল ভারত। ১৪ বছর পরে শ্রীলঙ্কায় খেলতে চলেছে দুই দেশ। একদিকে ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ, অন্যদিকে পাকিস্তানের বোলিং ইউনিট, এই দুইয়ের লড়াই দেখতে মরিয়া ক্রিকেটপ্রেমীরা।