INDvsWI : স্রেফ স্মৃতিচারণ নয়, ইডেনে জয়ের জন্য প্রত্যয়ী ক্যারিবিয়ানরা

ইডেনে এখনও অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে এই স্যামিদের কাছে হেরেই বিদায় নেয় কোহলি, ধোনির ভারত। আগামীকাল যে দল হারবে, সেই বাড়ির বিমান ধরবে। এই অবস্থায়, পাশা উল্টে শেষ চারে উঠতে চান সূর্য, তিলকের ভারত।

INDvsWI : স্রেফ স্মৃতিচারণ নয়, ইডেনে জয়ের জন্য প্রত্যয়ী ক্যারিবিয়ানরা
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 28, 2026 | 7:53 PM

কলকাতা : শেষবার যখন এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল তাঁর দল, তিনি ছিলেন সেই দলের অধিনায়ক। বেন স্টোকসকে চার বলে চার ছক্কা মেরেছিলেন কার্লোস ব্রাথওয়েট। ইংল্যান্ডকে শেষ ওভারে হারিয়ে ওই রুদ্ধশ্বাস ফাইনালে জয়, কে ভুলতে পারবে ? আজ, ১০ বছর পর তিনি কোচ। আগামীকাল কলকাতায় সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। মাঠে নামার আগে তাঁর, ড্যারেন স্যামির গলায় শোনা গেল আত্মবিশ্বাস।

শনিবার সাংবাদিক সম্মেলনে স্যামি বললেন,”আগামিকাল আমাদের জন্য নতুন একটা দিন। কাল হাউসফুল থাকবে ইডেন। পুরো সমর্থন থাকবে ভারতের দিকে। আমি ছেলেদের বলেছি, ২০১৬ বিশ্বকাপের মুহূর্তের কথা। সেবার এই ইডেনেই আমরা কাপ জিতেছিলাম। তারই পুনরাবৃত্তি করতে চাই।” আইপিএলে কলকাতার হয়ে কোনওদিন না খেললেও কেকেআর নিয়ে কথা বললেন স্যামি। তিনি বললেন,”ইডেনে যখনই আসি, অনেক ভাল স্মৃতি নিয়ে ফিরে যাই। কলকাতা প্রসঙ্গে বলতে পারি, আমি কেকেআরকে ভালবাসি। কাল কোন এগারো খেলবে তা এখানে বলতে চাই না। প্রত্যেক সৈন্যকেই বলেছি কালকের যুদ্ধের জন্য প্রস্তুত হতে।” ভারতের বিরুদ্ধে পরিকল্পনা কী স্যামির ? এই ম্যাচ নিয়ে কী ভাবছেন ? স্যামি বললেন,”ভারতের বিরুদ্ধে যা যা করা দরকার, আমরা সেদিকেই নজর রেখেছি। ম্যাচ জেতার জন্য যা যা করণীয় সবই করছি। বিপক্ষ দলকে সমীহ করছি। প্রত্যেকেই দুর্দান্ত। এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল।” পিচ নিয়েও খুশি তিনি। ইডেনের পিচ দেখে স্যামির মত,”আমেদাবাদের উইকেট আর ইডেনের উইকেটে ফারাক আছে। ইডেনের উইকেট দেখে প্রাথমিক ভাবে মনে হয়েছে কিছুটা শুষ্ক। আমরা তৈরী আছি।”