Virat Kohli: গ্লেন ম্যাকগ্রার ছাত্রই অফস্টাম্প ওড়ালেন বিরাট কোহলির! কে এই হিমাংশু?
Ranji Trophy: মাত্র ৬ রান করে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। হিমাংশু সাংওয়ান ছিটকে দেন বিরাট কোহলির অফস্টাম্প। তার ঠিক আগের ডেলিভারিটাই বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন বিরাট। কে জানত যে পরের বলেই ক্লিন বোল্ড হবেন তিনি।

কলকাতা: ফিরোজ শাহ কোটলার হাউসফুল গ্যালারি অপেক্ষায় ছিল কিং কোহলির রাজকীয় ইনিংসের। কিন্তু কোথায় কী! মাত্র ১৫ বলেই বিরাট কোহলির ইনিংসের ইতি। কোহলিকে ক্রিজে দেখার পর থেকে রেলওয়েজের বোলারদের চেষ্টা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরে অনুরাগীদের খুশি করতে পারলেন না কোহলি। মাত্র ৬ রান করে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। হিমাংশু সাংওয়ান ছিটকে দেন বিরাট কোহলির অফস্টাম্প। তার ঠিক আগের ডেলিভারিটাই বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন বিরাট। কে জানত যে পরের বলেই ক্লিন বোল্ড হবেন তিনি। কোহলির উইকেট তুলে নিয়েছেন যিনি, সেই হিমাংশু হলেন গ্রেন ম্যাকগ্রার ছাত্র। রইল তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য।
হিমাংশু সাংওয়ান কে?
হিমাংশু সাংওয়ান ঘরোয়া ক্রিকেটে রেলওয়েজের হয়ে খেলেন। ২৯ বছর বয়সী হিমাংশুর ২০১৯-২০ সালে রেলওয়েজের হয়ে রঞ্জি অভিষেক হয়। লিস্ট এ-তে তাঁর অভিষেক হয়েছিল একই মরসুমে বিজয় হাজারে ট্রফিতে। জোরে বোলার হিমাংশু ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে মোট ৭৭টি উইকেট নিয়েছেন। ১৭টি লিস্ট-এ ম্যাচে তাঁর নামে ২১টি উইকেট রয়েছে। এ ছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন ৫টি উইকেট।
হিমাংশু এক সময় দিল্লি রেলওয়ে স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে রেলের টিকিট কালেক্টর ছিলেন। হিমাংশু MRF পেস ফাউন্ডেশনে অনুশীলন করেন। সেখানে অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার কোচিংয়ে অনেক কিছু শিখেছেন।
Cameras 📸. Posters 🖼️ Chants 🗣️Cheers 👏
A fantastic reception for @imVkohli as he walks out to bat 🔥#RanjiTrophy | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/IhwXam37gl pic.twitter.com/FXnCSzmOfC
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2025
বোর্ডের ফতোয়া জারি হওয়ার পর রঞ্জি ট্রফি খেলছেন ভারতীয় টিমের একাধিক তারকা ক্রিকেটার। রঞ্জির ষষ্ঠ রাউন্ডে খেলেছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাডেজা, শুভমন গিল সহ অনেকে। রবীন্দ্র জাডেজা ও শুভমন গিলকে বাদ দিলে বাকিরা নিজেকে মেলে ধরতে পারেননি। মুম্বইয়ের জার্সিতে রোহিত ভালো খেলতে পারেননি। রঞ্জিতে এ বার প্রথম ইনিংসে বিরাটও রান পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা করে রঞ্জি ম্যাচ খেলতে বলা হয়েছে তারকাদের। দিল্লির হয়ে খেলতে নামা বিরাট ফর্মে নেই। এর প্রভাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়বে কিনা, তা নিয়েও আলোচনা চলছে জোর। দ্বিতীয় ইনিংসে কী করেন, সেটাই দেখার।
