Shubman Gill: গেট টপকে মাঠে, নিরাপত্তাকর্মীর তাড়া; ‘অভিষেকের’ আগে অতীতে ফিরলেন GT ক্যাপ্টেন

Watch Video : রবি-রাতে আমেদাবাদে প্রথমবার গুজরাট টাইটান্স টিমকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। পঞ্জাবের ছেলের হয়তো তাই রবি-রাতের জন্য আর তর সইছে না। ক্যাপ্টেন হিসেবে আইপিএল সফর শুরু করার আগে শুভমন ফিরে গেলেন অতীতে। শোনালেন এক অজানা গল্প।

Shubman Gill: গেট টপকে মাঠে, নিরাপত্তাকর্মীর তাড়া; ‘অভিষেকের’ আগে অতীতে ফিরলেন GT ক্যাপ্টেন
গেট টপকে মাঠে, নিরাপত্তাকর্মীর তাড়া; ‘অভিষেকের’ আগে অতীতে ফিরলেন GT ক্যাপ্টেন

Mar 24, 2024 | 4:36 PM

কলকাতা: রবি-রাতের আইপিএল (IPL) ম্যাচ শুভমন গিলের জন্য বিশেষ হতে চলেছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এর আগে বহু ম্যাচ খেলেছেন শুভমন গিল (Shubman Gill)। কিন্তু আজকের ম্যাচ তাঁর কাছে স্পেশাল। কারণ আজ রাতে তিনি যখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখবেন, তখন তাঁকে সকলেই গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ক্যাপ্টেন হিসেবে ডাকবেন। প্রথমবার গুজরাট টিমকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। পঞ্জাবের ছেলের হয়তো তাই রবি-রাতের জন্য আর তর সইছে না। ক্যাপ্টেন হিসেবে আইপিএল সফর শুরু করার আগে শুভমন ফিরে গেলেন অতীতে। শোনালেন এক অজানা গল্প।

বছর ১৫ আগে, এক স্টেডিয়ামের গেট টপকে মাঠে ঢুকেছিলেন শুভমন গিল। তাঁকে তাড়া করেছিলেন নিরাপত্তারক্ষীরাও। সেই গল্প এখন গুজরাট টাইটান্সের নতুন অধিনায়কের মুখে। বছর দশেকের শুভমন গিল ২০০৯ সালে কিংস ইলেভেন পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সের এক ম্যাচ চলাকালীন আইপিএলের ক্রিকেটারদের দেখার জন্য স্টেডিয়ামে লুকিয়ে ঢুকেছিলেন। তিনি বলেন, ‘আমার মনে আছে ২০০৯ সালে ছেলেবেলায় আমি আইপিএল ক্রিকেটারদের দেখার জন্য স্টেডিয়ামে ঢুকেছিলাম। এখন আমি আইপিএলে এক টিমের ক্যাপ্টেন। অতীতের স্মৃতিতে ফিরলে দারুণ লাগে ওই মুহূর্তগুলো ভাবতে। আমার মনে পড়ে যখন আমি প্রথম বার লুকিয়ে স্টেডিয়ামে ঢুকেছিলাম, সেই সময় গেট থেকে লাফ দিয়েছিলাম। নিরাপত্তারক্ষীরা আমাকে ও আমার অন্যান্য বন্ধুদের তাড়া করেছিল। আমরা ব্রেট লি, মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারাদের সঙ্গে ছবি তুলেছিলাম। মুম্বইয়ের ম্যাচ ছিল। তাই সেখানে সচিন স্যারকেও দেখেছিলাম।’

গুজরাটের নতুন নেতা বলেন, ‘আমি এখনও অবধি যা অর্জন করেছি, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। এবং আশা করি আরও অনেক কিছু অর্জন করতে পারব।’ ক্যাপ্টেন্সির নতুন পরীক্ষার আগে শুভমনের গলায় আত্মবিশ্বাসের সুরই শোনা গিয়েছে। এ বার দেখার ঘরের মাঠে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের বিরুদ্ধে শুভমন কেমন পারফর্ম করেন।

Follow Us