
কলকাতা : আশঙ্কাই সত্যি হল। আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন নাইট পেসার হর্ষিত রানা। গতকালই জানা গিয়েছে, এই বছর আর আইপিএল খেলা হবে না তাঁর। এই খবর নিঃসন্দেহে একটা বড় ধাক্কা তিনবারের চ্যাম্পিয়ন নাইট শিবিরে। সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বল করতে গিয়ে চোট পান হর্ষিত। ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। এবার খেলবেন না আইপিএলেও। হর্ষিতের বিকল্প খুঁজতেই ইতিমধ্যে ট্রায়াল শুরু করেছেন অভিষেক নায়াররা।
গতকাল, শুক্রবার ইডেনে প্র্যাক্টিস ম্যাচ ছিল নাইটদের। সেখানেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শেন ওয়াটসন, ডোয়েন ব্র্যাভো, কোচ অভিষেক নায়ার ও অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন,”গত কয়েক মরশুম আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল হর্ষিত। সেখানে ওর না থাকাটা নিঃসন্দেহে বিশাল বড় ধাক্কা আমাদের শিবিরে। আমরা ওকে মিস করব। ওর পরিবর্ত খোঁজা একটু চাপের।” শুধু হর্ষিত নয়, এই বছর নাইট শিবিরে চোট-আঘাত যেন দলের অবিচ্ছেদ্য অঙ্গ। চোটের কারণেই এখনও দলের বাইরে মাহিশা পাথিরানা। তিনি শ্রীলঙ্কা বোর্ডের কাছে এখনও আইপিএল খেলার ছাড়পত্র পাননি। নাইট শিবিরের কথায়, তাঁর দলে যোগ দিতে দিতে এপ্রিলের মাঝামাঝি হয়ে যাবে ফলে শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না পাথিরানা। তাঁর সঙ্গে আরও বড় মাথাব্যথা আকাশ দীপ। এতদিন তাঁর রিহ্যাব চলছিল। কিন্তু রিহ্যাব শেষেও আবার চোট পেয়েছেন তিনি ফলে এখনও তাঁর খেলা অনিশ্চিত। অর্থাৎ, এত চোট সমস্যার মাঝে আরও এক চোট সমস্যা বাড়ল নাইট শিবিরে। এই কারণেই আবার ট্রায়াল শুরু করেছে কেকেআর। সন্দীপ ওয়ারিয়র, নভদীপ সাইনি, সিমরনজিৎ সিং, আকাশ মাধোয়াল-এর মতো বোলারদের ট্রায়াল নিচ্ছে কেকেআর। পছন্দ হলে এঁদের মধ্যে থেকেই কাউকে হর্ষিতের পরিবর্ত হিসেবে নির্বাচন করা হবে।
আইপিএলে প্রথম ২০টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। প্রত্যেকটি দল এই স্তরে খেলবে ৪টি ম্যাচ। কলকাতার প্রথম ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে মুম্বইতে হলেও ২, ৬ ও ৯ এপ্রিল হবে কলকাতায়। ২ তারিখ কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। ৬ তারিখ নাইটদের বিরুদ্ধে নামবে পাঞ্জাব কিংস। ৯ এপ্রিল ইডেনে কলকাতা বনাম লখনৌ সুপারজায়ান্টস। নাইট দলে রয়েছেন বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগীর মতো উদীয়মান তারকারা। আশা করা হচ্ছে, বৈভবকেই হয়ত বোলিং বিভাগের প্রধান মুখ হিসেবে দেখা যেতে পারে। দলে ব্যাটিং গভীরতা অনেক। ক্যামেরন গ্রিন মাঝের কয়েকটি ওভার বল করে দেবেন কিন্তু হর্ষিত, আকাশ দীপ ও পাথিরানার না থাকা চিন্তায় রাখবে অভিষেক নায়ারকে। এবার যে আন্দ্রে রাসেলও নেই।