
কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘটে চলেছে একের পর এক অঘটন। গতকালই অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে শ্রীলঙ্কা। দুর্ধর্ষ শতরান করে দলকে সুপার এইটে পৌঁছিয়ে দিয়েছেন পাথুম নিশঙ্কা। প্রথম ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচও চর্চায় রেখেছে তাঁকে। পরপর দুই দিন দুটি শতরান করলেন দুই জন। আজ কানাডার হয়ে শতরান করলেন যুবরাজ সমরা। ৬৫ বলে ১১০ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন যুবরাজ। ১৯ বছর বয়সে তিনি ছুঁয়েছেন এই রেকর্ড। আজ জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় গ্ৰুপ বি থেকে শ্রীলঙ্কার সঙ্গে কোয়ালিফাই করল জিম্বাবোয়ে। এর মধ্যেই আইসিসি প্রকাশ করে দিল সুপার এইটের সূচি।
গ্ৰুপ এ থেকে কোয়ালিফাই করেছে একমাত্র ভারত। পাকিস্তানের সামনে সমূহ সুযোগ শেষ আটে যাওয়ার। নামিবিয়াকে হারাতে পারলেই তারা পৌঁছে যাবে শেষ আটে। পাকিস্তান হারলে রান রেটে এগিয়ে থাকায় শেষ আটে খেলবে আমেরিকা। গ্ৰুপ বি থেকে উঠেছে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে। ২০০৯ সালের পর শেষ আটে উঠতে ব্যর্থ অস্ট্রেলিয়া। সি গ্ৰুপ থেকে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি শেষ আটে উঠতে ব্যর্থ। গ্ৰুপ ডি থেকে সুযোগ পেয়েছে গত বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। চলবে ১ মার্চ পর্যন্ত। শেষ আটে ভারতের মোট ম্যাচ ৩টি। ২২ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আহমেদাবাদে নামবেন সূর্যরা। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইতে খেলা জিম্বাবোয়ের বিরুদ্ধে। ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, সুপার এইটে মাত্র একটিই ম্যাচ পেয়েছে কলকাতা। এছাড়াও প্রথম সেমি-ফাইনাল ম্যাচও হওয়ার কথা ইডেনে। যদি পাকিস্তান শেষ চারে ওঠে, তাহলেই এই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হবে কলম্বোয়।
২০০৭ এর পর ২০২৪ সালে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন হার্দিকরা। সেই ফাইনালেই কুড়ি-বিশের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই মুহূর্তে এই ফরম্যাটে সর্বশ্রেষ্ঠ দল ভারত। দুর্দান্ত খেলছে অধিনায়ক সূর্যের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে আপাতত অপরাজিত সূর্যরা। আগামীকাল তারা নামবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে অপরাজিত হয়েই শেষ আটে যাবে ভারতীয় দল।