INDvsZIM : ৭২ রানে বিশাল জয়, সূর্যের চিন্তা রানরেট ও ক্যারিবিয়ানরা!

ভারতের এই ৭২ রানে জয়ের ফলে আগামী ১ তারিখ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ, এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে ক্যারিবিয়ানরা। তৃতীয় স্থানে ভারত। দুই দলেরই পয়েন্ট ২। সূর্যকে চিন্তায় রাখবে রান রেট।

INDvsZIM : ৭২ রানে বিশাল জয়, সূর্যের চিন্তা রানরেট ও ক্যারিবিয়ানরা!
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 26, 2026 | 11:17 PM

কলকাতা : আলেকজান্ডার ও পুরুর কাহিনী পড়েছেন ? হ্যাঁ, যেখানে পুরু পরাজিত হয়েও রাজার মতো ব্যবহার পেয়েছিলেন মহান গ্রিক সম্রাট আলেকজান্ডারের কাছে। কয়েকশো বছর পেরিয়ে আলেকজান্ডারের নাম যদি হয় সূর্য কুমার যাদব, পুরুর নাম পাল্টে যদি হয় ব্রায়ান বেনেট, তাহলে অবিশ্বাসের কিছু নেই। ২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একমাত্র বেনেট ৯৭ রানে নট আউট রইলেনসেঞ্চুরি না পেলেও তাঁর লড়াই মন জিতল ভারতীয় সমর্থকদের। ২৫৭ রান তাড়া করতে নেমে ১৮৪ রানে শেষ হল জিম্বাবোয়ের ইনিংস। ৭২ রানে জিতে রান রেটের দিক থেকে অনেক স্বস্তিতে ভারত। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ভারতের স্থান তৃতীয়। রান রেট -০.১০।

টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছিলেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। শুরু থেকেই ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। সঞ্জু (২৫) জলদি ফিরলেও রান তোলার গতি কমেনি ভারতীয় দল। অভিষেক শর্মাকে এতদিন বহু সমালোচনা হজম করতে হয়েছে। সর্বত্র আলোচনা ছিল তাঁকে নিয়ে। ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলে যাবতীয় ট্রোলিংকে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। রান পেয়েছেন তিলক ভার্মাও। তাঁর ধীরগতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। আজ ১৬ বলে ৪৪ রানে নট আউট রইলেন তিলক। রানের মুখ দেখলেন হার্দিক পান্ডিয়াও। তিনি করলেন ২৩ বলে ৫০। অধিনায়ক সূর্য আজ ১৩ বলে ৩৩ রান করেছেন। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের স্কোর ২৫৬/৪। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করল ভারতীয় দল। এর আগে ২৫৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ধীরগতিতে শুরু করেছিলেন ব্রায়ান বেনেটমারুমানি। পাওয়ার প্লের শেষে কোনও উইকেট না খোয়ালেও ৪০ রানের বেশি হয়নি জিম্বাবোয়ের স্কোর। অক্ষর প্যাটেলের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ঈশান কিষানের হাতে তালুবন্দি হন মারুমানি (২০)। অধিনায়ক সিকান্দর রাজা ছাড়া রান পাননি কেউই। সিকান্দর করেছেন ২১ বলে ৩১। তারপরই যেন এক অসম লড়াই শুরু করেন ব্রায়ান বেনেট। ৮টি চার ও ৬টি ছয়ের সাহায্যে তিনি ৯৭ রানে নট আউট থাকেন। শেষের ওভারে ব্যাটের সুযোগ পেলে হয়ত নিজের শতরান পূরণ করতে পারতেন তিনি। ১৮৪ রানেই থামল জিম্বাবোয়ের ইনিংস। ৩ উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। ১টি উইকেট পেয়েছেন শিবম দুবেউইকেট পেলেও ২ ওভার বল করে ৪৬ রান দিয়েছেন তিনি। বরুণ ও অক্ষর, দুজনেরই বোলিং ফিগার এক। ৪-০-৩৫-১। উইকেট পাননি বুমরা ও হার্দিক।

ভারতের এই ৭২ রানে জয়ের ফলে আগামী ১ তারিখ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ, এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে ক্যারিবিয়ানরাতৃতীয় স্থানে ভারত। দুই দলেরই পয়েন্ট ২। সূর্যকে চিন্তায় রাখবে রান রেট। ওয়েস্ট ইন্ডিজের রানরেট +১.৭৯। ভারতের -০.১০। ফলে সেই ম্যাচে যেকোনও মূল্যে জিততেই হবে ভারতকে। হারলেই বিদায়। এর সঙ্গে আরও একটা তথ্য হয়ত অস্বস্তিতে ফেলতে পারে ভারতীয় দলকে। ক্যারিবিয়ানরা টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় কোনওদিন হারেনি। এখনও অপরাজিত।