
কলকাতা : গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে কার্যত কোয়ার্টার ফাইনাল যুদ্ধে নামছে দুই দল। আজ যে জিতবে, সে চলে যাবে সেমিফাইনালে। হারলেই বিদায়। আগের ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। উল্টোদিকে ওয়েস্ট ইন্ডিজ তৈরী তাদের শক্তি প্রদর্শন করতে।
আজ ইডেনে টসে জিতলেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সূর্যের। ভারতীয় দলে কোনও বদল নেই। জিম্বাবোয়ে ম্যাচে খেলা দলই খেলবে আজ। সূর্য বললেন,”এই মাঠে রান তাড়া করা যায়। পরে শিশির ফারাক গড়বে। রান তাড়া করাই ভাল সিদ্ধান্ত।” ওয়েস্ট ইন্ডিজ দলে আজ ৩ স্পিনার, আকিল হোসেন, রস্টন চেজ ও গুডাকেশ মোটি। ভারতীয় দলেও রয়েছেন অক্ষর ও বরুণের মতো দুই স্পিনার, যাঁরা যেকোনও মূল্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আজ ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে কম রানে বেঁধে ফেলাই হবে সূর্যের লক্ষ্য।
এই ম্যাচ ঘিরে হয়েছে টিকিটের কালোবাজারি। গতকাল পাকিস্তান বেশি ব্যবধানে জিতলেই কলকাতা থেকে সেমি ফাইনাল ম্যাচ চলে যেত কলম্বোতে। তা না হওয়াতে আগামী ৪ তারিখ এই মাঠেই সেমি ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তার আগে আজ জিতে ২০১৬র ম্যাচের মধুর বদলা নিতে চায় ভারতীয় দল।