
কলকাতা : কয়েক মাস আগেই রিকি পন্টিং বলেছিলেন, “টি-টোয়েন্টি ম্যাচে যেকোনও দিন ২৫০+ রান উঠবে।” আইপিএলে আড়াইশোর বেশি রান দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই আড়াইশোর কাছাকাছি রান তুলেছিলেন অভিষেক শর্মা, ট্রাভিস হেডরা। গত আইপিএলেও প্রথম ম্যাচে ২৮৭ রান করেছিল অরেঞ্জ আর্মি। সেই ঐতিহ্য মেনেই এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ফেলল আইরিশরা। ওমানের বিরুদ্ধে তাদের স্কোর ২৩৫-৫। ওমানের বিরুদ্ধে ৯৬ রানে জিতে সুপার এইটের আশা জিইয়ে রাখলেন ডকরেলরা।
দলকে একই টানলেন লরক্যান টাকার। চাপের মুখে ৫১ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেললেন তিনি। তাঁকে সঙ্গত দিলেন গ্যারেথ ডেলানি। তিনিও অর্ধশতরান করেছেন। ৩ উইকেট পেয়েছেন ওমানের শাকিল আহমেদ। তাঁদের দাপটেই প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের স্কোর ওঠে ২৩৫। শেষ ৫ ওভারে ৯৩ রান তুলেছেন আইরিশরা। ২৩৬ রান মাথায় নিয়ে শুরুতে ভাল খেলছিলেন আমির কলিম। মাত্র ২৯ বলে ৫০ রান করেছেন আমির। ওপেনিং জুটি থেকেই ব্যর্থ ওমানের ব্যাটাররা। একমাত্র রান পেয়েছেন হামাদ মির্জা। ৩৭ বলে ৪৬ রান করেছেন হামাদ। শুরু থেকেই পরপর উইকেট নিয়ে ওমান ব্যাটিংয়ের মেরুদণ্ড একপ্রকার ভেঙে দেন হামফ্রিস ও ম্যাকার্থি। মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জোশুয়া লিটল। বাকিরা পেয়েছেন ২ উইকেট। ১৮ ওভারেই মাত্র ১৩৯ রানে অল আউট হয়ে গিয়েছে ওমান।
গ্ৰুপ বি-র ম্যাচে তিন ম্যাচ খেলে এই প্রথম জয় পেল আইরিশরা। এর ফলে এখনও বিশ্বকাপে টিকে রইল আয়ারল্যান্ড। অন্যদিকে আজও হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওমান। এই বিশ্বকাপে খেলছেন ট্রাভিস হেড, ফিল সল্ট, অভিষেক শর্মার মত ষ্টাররা। তা সত্ত্বেও বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ফেলল আয়ারল্যান্ড। এর ফলে, একটা রেকর্ড গড়ে ফেলল অ্যাসোসিয়েট দেশটি।