T20 World Cup : কার্যত বিদায় নেপালের, দশ উইকেটে জিতে রেকর্ড ইতালির!

দুই ম্যাচে দুটোতেই হেরে গ্ৰুপের লাস্টবয় নেপাল। বাকি দুই ম্যাচের দুটোতেই না জিততে পারলে বিদায় ঘটে যাবে সন্দীপ লামিছানের দলের। রান রেটের ফারাকের কারণে তৃতীয় স্থানে আজ্জুরিরা। সমান পয়েন্ট পেয়েও দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড।

T20 World Cup : কার্যত বিদায় নেপালের, দশ উইকেটে জিতে রেকর্ড ইতালির!
Image Credit source: Pankaj Nangia/Getty Images

| Edited By: Moumita Das

Feb 12, 2026 | 8:53 PM

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মুহূর্তে দুই দলই চর্চায়। প্রথম দল, যারা ইতিহাসে প্রথম বার ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দ্বিতীয় দল, যারা কয়েক দিন আগেই বিশ্বজয়ী ইংল্যান্ডকে প্রায় হারিয়েই দিচ্ছিল। ইতালি ও নেপালকে নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। নেপালকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড গড়ল ইতালি। এই প্রথম বিশ্বকাপে নেমে জয় পেল ইতালি। এই জয় নিশ্চিত ভাবেই স্বপ্ন দেখাবে। আগামী দিনে ক্রিকেটেও আজ্জুরি হয়ে উঠবে তারা।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আজ্জুরিরা। নেপাল অধিনায়ক রোহিত পাউডেল করেন ১৪ বলে ২৩ রান। গত ম্যাচের ‘ট্র্যাজিক হিরো’ লোকেশ বাম আজ খেলতে পারেননি। তাঁর অবদান মাত্র ৫ বলে ৩। ২০ ওভার শেষ হওয়ার আগেই ১২৩ রানে অল আউট হয়ে যায় নেপাল। করণ কেসি ১১ বলে ১৮ রানে নট আউট থাকেন। ৩ উইকেট পেয়েছেন ইতালির শ্রীলঙ্কান বংশোদ্ভূত বোলার কৃষাণ কালুগামাগে। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারের মধ্যেই বিনা উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় আজ্জুরিরা। এক ওপেনার জাস্টিন মোস্কা নটআউট থাকেন ৪৪ বলে ৬০ রানে। অন্য ওপেনার অ্যান্টনি মোস্কা নটআউট থাকেন ৩২ বলে ৬২ রানে। এই দু’জনের যুগলবন্দিতেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে রানরেটের দিক থেকে অনেক ভাল অবস্থায় পৌঁছে গেল ইতালি। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ইতালির কৃষাণ কালুগামাগে।

দুই ম্যাচে দুটোতেই হেরে গ্ৰুপের লাস্টবয় নেপাল। বাকি দুই ম্যাচের দুটোতেই না জিততে পারলে বিদায় ঘটে যাবে সন্দীপ লামিছানের দলের। রান রেটের ফারাকের কারণে তৃতীয় স্থানে আজ্জুরিরা। সমান পয়েন্ট পেয়েও দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড। ১০ উইকেটের রেকর্ড সমেত প্রথম বার আত্মপ্রকাশ ঘটিয়েই চমক দেখাচ্ছে ইতালি।