IPL 2026 : নজরে থাকবেন ২৬ কোটির গ্রিন, প্রথম ম্যাচেই নাইট শিবিরের চিন্তা বোলিং!

IPL 2026 : শুরুতেই একের পর এক ক্রিকেটার চোট পেয়েছেন ফলে প্রথম একাদশ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নাইট কোচ অভিষেক নায়ারকে। মুস্তাফিজুরকে বাদ দিতে হয়েছে। চোটের কারণে নেই হর্ষিত রানা ও আকাশ দীপ। দলে রয়েছেন একমাত্র বিদেশী বোলার ব্লেসিং মুরাজাবানি।

IPL 2026 : নজরে থাকবেন ২৬ কোটির গ্রিন, প্রথম ম্যাচেই নাইট শিবিরের চিন্তা বোলিং!
প্রস্তুত নাইট অধিনয়ক রাহানে। Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 29, 2026 | 1:06 PM

কলকাতা : নতুন সিজন মানেই নতুন উদ্যম। একগুচ্ছ তারকার সমাহারে এই আইপিএলে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে কেকেআর। আজ তাদের প্রথম ম্যাচেই বিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে কলকাতা বনাম মুম্বই ম্যাচ হলেই মনে পড়ে যায় ২০১২র এক রাত, যে রাতে ওয়াংখেড়ের সিকিউরিটি বনাম শাহরুখ খানের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল এই মাঠেই। ৫ বছরের জন্য ওয়াংখেড়ে থেকে ব্যান করা হয়েছিল শাহরুখকে। কিন্তু আজ যখন অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানে টস করতে নামবেন, তাঁর মাথায় থাকবে পরিসংখ্যান। ১১ বার মাত্র জিতেছে কেকেআর। হেরেছে ২৪ বার। আজ জিতে সেই দূরত্ব কমাতে চাইবে শাহরুখের ছেলেরা।

শুরুতেই একের পর এক ক্রিকেটার চোট পেয়েছেন ফলে প্রথম একাদশ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নাইট কোচ অভিষেক নায়ারকে। মুস্তাফিজুরকে বাদ দিতে হয়েছে। চোটের কারণে নেই হর্ষিত রানা ও আকাশ দীপ। দলে রয়েছেন একমাত্র বিদেশী বোলার ব্লেসিং মুরাজাবানি। ক্যামেরন গ্রিন আদৌ ৪ ওভার বল করবেন কিনা জানেনা নাইট শিবির। চোট পেয়েছেন মাহিশা পাথিরানা। তিনি কবে যোগ দেবেন দলের সঙ্গে, জানা নেই ফলে বোলিং নিয়ে যথেষ্ট চিন্তায় কেকেআর শিবির।

যদিও হর্ষিতের বদলে নেওয়া হয়েছে নভদীপ সাইনিকে। আজ কেকেআরের দলে থাকতে পারেন তিনি। তাঁর সঙ্গে রাখা হতে পারে বৈভব অরোরাকে। বেশ কয়েকটি সিজন ধরেই কেকেআরে নিজেকে মেলে ধরছেন বৈভব। সম্ভবত, তিন বিদেশী দিয়ে শুরু করবে কেকেআর। ব্লেসিংকে নামানো হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ারের জায়গায়। নাইটদের স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন দুই অভিজ্ঞ – সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। নারিনের ক্ষেত্রে চিন্তা তাঁর বয়স। বরুণ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট পেলেও রান দিয়েছেন প্রচুর। ফলে নিজের পুরোনো ছন্দ পেতে চাইবেন বরুণ।

বোলিং যদি চিন্তার কারণ হয়, তাহলে ভরসা দেবে ব্যাটিং। ওপেনিং করবেন কিউয়ি ব্যাটার ফিন অ্যালেন। তাঁর সঙ্গে নামতে পারেন সুনীল নারিন। তিনে অধিনায়ক রাহানে, চারে অঙ্গকৃষ রঘুবংশী বা রমনদীপ সিং, পাঁচে সার্থক রঞ্জন বা সহ-অধিনায়ক রিঙ্কু, ছয়ে ক্যামেরন গ্রিন। প্রয়োজনে ব্যাটিং অর্ডার বদলে আগে আসতে পারেন গ্রিন। ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন রিঙ্কু। তাঁর সঙ্গেই নাইট দল ভরসা রাখবে প্রায় ২৬ কোটি টাকা দিয়ে কেনা অজি অলরাউন্ডার গ্রিনের উপরেও। কারণ, মুম্বই দলে রয়েছেন বুমরা, যিনি একাই ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন। সবমিলিয়ে, ম্যাচের আগেই চিন্তা বাড়ছে নাইট শিবিরে।

 

Follow Us