
কলকাতা: ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন… এ কথা অনেকেই বলেন। এই মুহূর্তে খুশির হাওয়া বইছে আরসিবি শিবিরে। আর তেমনটা হওয়াই স্বাভাবিক। শনি-রাতে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছেন বিরাট-ডু’প্লেসিরা। আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করেছে আরসিবি (RCB)। এই ম্যাচের শেষে সকলে প্রশংসায় ভরাচ্ছেন যশ দয়ালকে (Yash Dayal)। গত বছর তাঁর বিরুদ্ধে আইপিএলে কেকেআরের রিঙ্কু সিং ৫ বলে ৫ ছয় মারার পর থেকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে যশকে। রিঙ্কু আর যশ উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলেন। সতীর্থর শাপমোচন হওয়ার খুশি নাইট তারকা রিঙ্কু সিং (Rinku Singh)।
আরসিবি শনিবার ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির সিএসকেকে হারানোর পর কেকেআরের তারকা রিঙ্কু সিং একটি ইন্সটাগ্রাম স্টোরি দেন। সেখানে তিনি লেখেন, ‘ঈশ্বরের পরিকল্পনা বেবি।’ সঙ্গে তিনটি ইমোজি। তাতে একটি হাত জোড় করা ইমোজি। একটি স্যালুট করা এবং একটি নজরের ইমোজি।
রিঙ্কু সিংয়ের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ যশ দয়ালের জন্য একটি বার্তা দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৯ এপ্রিল গুজরাটের হয়ে যশ দয়াল লজ্জার রেকর্ড গড়েছিলেন (রিঙ্কু সে বার তাঁর বিরুদ্ধে ৫ বলে ৫ ছয় মেরেছিলেন)। সে বারও কেকেআর যশকে মাথা উঁচু রাখতে বলেছিল। এ বার কেকেআর যশের উদ্দেশ্যে লিখেছে, ‘যতই বিপত্তি হোক, আপনার জন্য প্রত্যাবর্তন অপেক্ষা করছে। আপনি লড়াকু। যথেষ্ট সাহসী হন। দারুণ পারফর্ম করেছ।’ সঙ্গে একটি বেগুনি হৃদয়ের ইমোজি।
চলতি আইপিএলে আরসিবির জার্সিতে ১৩টি ম্যাচে খেলেছেন যশ দয়াল। তাতে ২৮৩ বল করে ৪২২ রান খরচ করেছেন। এবং তিনি নিয়েছেন ১৫টি উইকেট।