AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2024: আইপিএলে গম্ভীরের KKR-কে কালো ঘোড়া বাছলেন সানি

IPL 2024: ২২ মার্চ থেকে শুরু হবে ১৭তম আইপিএল। সোনালি ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ১০ ফ্র্যাঞ্চাইজি। এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কালো ঘোড়া হিসেবে দেখছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে নাইটপ্রেমীরা বার বার হতাশ হয়েছে।

KKR, IPL 2024: আইপিএলে গম্ভীরের KKR-কে কালো ঘোড়া বাছলেন সানি
KKR, IPL 2024: আইপিএলে গম্ভীরের KKR-কে কালো ঘোড়া বাছলেন সানি
| Updated on: Feb 28, 2024 | 1:23 PM
Share

কলকাতা: ভারতের কোটিপতি লিগের দামামা বেজে গিয়েছে। দেশের মাটিতে বর্তমানে চলছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। ২২ মার্চ থেকে শুরু হবে ১৭তম আইপিএল (IPL)। সোনালি ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ১০ ফ্র্যাঞ্চাইজি। এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কালো ঘোড়া হিসেবে দেখছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে নাইটপ্রেমীরা বার বার হতাশ হয়েছে। টুর্নামেন্টের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস যে এ বারও খেতাব জয়ের অন্যতম দাবিদার তা মানছেন সানি। কিন্তু তাঁর নজরে রয়েছে ডার্ক হর্স কেকেআরও (KKR)।

গৌতম গম্ভীর মেন্টর হয়ে কেকেআরে ফেরার পর থেকে নাইট ভক্তরা আশায় বুক বেঁধেছেন যে এ বার আসবে তৃতীয় আইপিএল ট্রফি। কেকেআরের অনুরাগীরা গত মরসুমে চেয়েছিলেন গৌতম ফিরুক সংসারে। তিনি ফিরেছেন। এ বার দেখার কেকেআরের জন্য তিনি ‘গুডলাক’ নিয়ে এসেছেন কিনা। সানি মনে করেন কোচ চন্দ্রকান্ত পন্ডিত ও গৌতম গম্ভীরের মধ্যে বোঝাপড়া ভালো। যার ফলে কেকেআর অনেক দূর এগোবে। গাভাসকর বলেন, ‘পন্ডিত ও গম্ভীর দু’জনই মানসিক দিক থেকে ভীষণ শক্তিশালী। ফলে ওরা যে আলোচনা করবে এবং পরামর্শ দেবে, সেটা দলের সকলকেই উপকৃত করবে।’

সানি মনে করেন একবার গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পন্ডিতের মগজাস্ত্র পুরোপুরি মিলে গেলে কেকেআরকে আটকানো মুশকিল হয়ে যাবে। তিনি বলেন, ‘গম্ভীর ও পন্ডিতের আলোচনা এবং পরিকল্পনা কাজে লাগাতে পারলে কেকেআর খুব শক্তিশালী হয়ে যাবে। আর তেমনটা হলে খেতাব জয় থেকে কলকাতা নাইট রাইডার্সকে আটকানো কঠিন হয়ে দাঁড়াবে।’ এ বারের আইপিএলের দ্বিতীয় ম্যাচই রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। টুর্নামেন্ট শুরু হবে ২২ মার্চ। আর ২৩ মার্চ ঘরের মাঠে ১৭তম আইপিএল যাত্রা শুরু করবে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের প্রথম ম্যাচ।

Follow Us