T20 World Cup, IND vs ZIM: শিবম দুবের বোলিং নিয়ে প্রশ্ন, কড়া মন্তব্য প্রাক্তন কাইফের!

নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, “১০ম ওভারে দুবে যে ভাবে ব্রেভিসকে ওয়াইড বল করল, তাতে বোঝা যায়, ও রক্ষণাত্মক মানসিকতা নিয়ে বল করছিল। ১০ম ওভারে কেউ এমন বোলিং করে না। ওই সময় সাধারনত আক্রমণাত্মক মানসিকতা নিয়েই বল করে বোলাররা। উইকেট নেওয়ার চেষ্টা করে। আমার মতে, শিবম একজন ব্যাটার, অলরাউন্ডার নয়।”

T20 World Cup, IND vs ZIM: শিবম দুবের বোলিং নিয়ে প্রশ্ন, কড়া মন্তব্য প্রাক্তন কাইফের!
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 26, 2026 | 6:05 PM

কলকাতা: বিশ্বকাপে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শিবম দুবেকে নিয়ে তীব্র সমালোচনা শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফের মুখে। তিনি স্পষ্ট বলেন, শিবম আসলে অলরাউন্ডার নন। তিনি খাঁটি ব্যাটার। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচে ব্য়াট হাতে শিবমের পারফরম্যান্সই এই মন্তব্যের বড় প্রমান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শিবম বল হাতে মাত্র ২ ওভারে ৩২ রান দেন এবং একটি উইকেট নেন। তবে সেই সময় প্রোটিয়ারা ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় এবং ভারতের হাত থেকে খেলা বেরিয়ে যায়। যদিও গত এক বছরে শিবম বোলিংয়ে উন্নতি করেছেন। তবুও চলতি বছরে তাঁর ইকোনমি রেট ১০এর উপরে। যা টি-টোয়েন্টি ফর্ম্যাটে যথেষ্ট উদ্বেগের। এ বছর ১০টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৭টি উইকেট, এবং গড় ১৯.৫৭। সংখ্যাটা খারাপ না হলেও, রান আটকাতে না পারাই তাঁর বোলিংয়ের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, “১০ম ওভারে দুবে যে ভাবে ব্রেভিসকে ওয়াইড বল করল, তাতে বোঝা যায়, ও রক্ষণাত্মক মানসিকতা নিয়ে বল করছিল। ১০ম ওভারে কেউ এমন বোলিং করে না। ওই সময় সাধারনত আক্রমণাত্মক মানসিকতা নিয়েই বল করে বোলাররা। উইকেট নেওয়ার চেষ্টা করে। আমার মতে, শিবম একজন ব্যাটার, অলরাউন্ডার নয়।” কাইফ আরও যোগ করেন, “আমাদের এমন অলরাউন্ডার দরকার নেই যে ১২০ কিমি গতিতে বল করে। তবে আমাদের এমন অলরাউন্ডার দরকার যে, মাঝে মাঝে উইকেট পেতে পারে, তবে ব্যাট হাতে নিয়মিত রান করবে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিরুদ্ধে এক ওভারে চারটে ছক্কাও মারতে পারে অবলীলায়।”

শুধু শিবম দুবের সমালোচনাই নয়, ভারতের দলগঠন নিয়েও প্রশ্ন তুলেছেন কাইফ। তাঁর মতে, দলে অতিরিক্ত বাঁ হাতি ব্যাটার রাখা ঠিক না। তিনি বলেন, “সব কিছুরই একটা ভারসাম্য থাকা উচিত। আমাদের টপ ৮ ব্যাটারের মধ্যে ছ’জনই বাঁহাতি। হার্দিক ৫ নম্বরে নামছে লেফট-রাইট কম্বিনেশনের জন্য। যদি এটাই জয়ের ফর্মুলা হয়, তবে সেই ভাবনা মাথায় রেখেই দল গড়তে হবে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সঞ্জুকে দলে আনলে লেফট-রাইট ভারসাম্য তৈরি হবে।”

এখন ভারতের সামনে ‘করো অথবা মরো’ পরিস্থিতি। সেমিফাইনালে থাকতে হলে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শিবম দুবের ভূমিকা ও দলের ভারসাম্য নিয়ে কাইফের মন্তব্য নতুন করে আবারো বিতর্কের সৃষ্টি করল।