MS Dhoni: আমাকে নয় ঋতুকে জিজ্ঞাসা করো… মাঠে হঠাৎ অন্য রূপে ধোনি
Watch Video: চিপকে আইপিএলের উদ্বোধনী ম্যাচ চলাকালীন একাধিক সময় ক্যামেরায় ধরা পড়েছেন এক ফ্রেমে ধোনি ও ঋতুরাজ। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় তাঁদের একসঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায়। ক্রিকেট মহলে অনেকেই যে কারণে বলাবলি করছেন, ম্যাচে চাপের পরিস্থিতিতে ধোনির থেকে পরামর্শ নিয়েছেন ঋতুরাজ। এ বার নেটদুনিয়ায় ভাইরাল ধোনির এক অন্য ভিডিয়ো।

কলকাতা: খাতায় কলমে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এখন সিএসকের প্রাক্তন অধিনায়ক। কিন্তু রাতারাতি তো সকল ক্রিকেটারের মনোভাব বদলে যায় না। তাই মাঠে যখন মহেন্দ্র সিং ধোনি উপস্থিত থাকবেন, তাঁর কাছে যে পরামর্শ নেবেন সিএসকের (CSK) নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), তেমনটা প্রত্যাশিত ছিল। হলও তাই। চিপকে আইপিএলের উদ্বোধনী ম্যাচ চলাকালীন একাধিক সময় ক্যামেরায় ধরা পড়েছেন এক ফ্রেমে ধোনি ও ঋতুরাজ। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় তাঁদের একসঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায়। ক্রিকেট মহলে অনেকেই যে কারণে বলাবলি করছেন, ম্যাচে চাপের পরিস্থিতিতে ধোনির থেকে পরামর্শ নিয়েছেন ঋতুরাজ। এ বার নেটদুনিয়ায় ভাইরাল ধোনির এক অন্য ভিডিয়ো।
ধোনির মসনদে ঋতু বসেছেন ঠিকই, কিন্তু তাঁর একটা আলাদা গুরুত্ব বরাবর সিএসকে টিমে রয়েছে এবং থাকবে। আরসিবির বিরুদ্ধে একাধিক সময় ফিল্ডিং সাজাতে দেখা গিয়েছে ধোনিকে। এমনিতেই উইকেটকিপাররা যেহেতু পুরো মাঠ ভালো দেখতে পান, তাই প্রায়শই তাঁরা ফিল্ডিং সাজানোর জন্য অধিনায়ককে পরামর্শ দেন। ধোনিও সেই কাজই করেছেন। কিন্তু নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে দেখা গিয়েছে সিএসকের এক সতীর্থর অনুরোধে সাড়া দেননি তিনি।
বিষয়টা ঠিক কী? আসলে সোশ্যাল মিডিয়া সাইট X এ ধোনির এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মহেন্দ্র সিং ধোনি সামনে থাকা কাউকে ইশারা করে মুচকি হাসছেন। ভিডিয়োর ক্যাপশন অনুযায়ী, ধোনি তাঁর টিমের এক বোলারকে রিভিউ নেওয়ার জন্য তাঁর নয় বরং ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে যেতে ইশারা করেন। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। কিন্তু এই ইশারাতেই ভক্তদের মন আবারও জিতে নিয়েছেন ধোনি।
রইল মহেন্দ্র সিং ধোনির সেই ভাইরাল ভিডিয়ো—
— LeoDas MSDian™ 🦁 (@Hyena_Das) March 23, 2024
