পাকিস্তানে খেলতে গিয়ে ৭ কোটির ক্ষতি, লোকসানের নাম মুস্তাফিজুর রহমান!

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স ৬.৪৪ কোটি পাকিস্তানি টাকায় কিনে নিয়েছে এই বিতর্কিত পেসারকে। ভারতে ১ টাকার মূল্য পাকিস্তানে ৩ টাকারও বেশি। সেই হিসেবে এই মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকারও কম। অর্থাৎ বলা যায়, আইপিএল থেকে ছাঁটাই হয়ে প্রায় ৭ কোটির মতো আর্থিক ক্ষতি হল মুস্তাফিজের।

পাকিস্তানে খেলতে গিয়ে ৭ কোটির ক্ষতি, লোকসানের নাম মুস্তাফিজুর রহমান!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Feb 05, 2026 | 7:11 PM

কলকাতা : তাঁর দেশ বিতর্ক তুলে বাদ পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। কিন্তু যাঁকে ঘিরে এই নাটক, সেই মুস্তাফিজুর রহমানের লাভ হল না। উল্টে বিপুল ক্ষতির মুখে বাংলাদেশি ক্রিকেটার। কয়েক মাস আগে তাঁকে ৯ কোটি টাকা দিয়ে কিনেছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রাজনৈতিক কারণে বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে ছেঁটে ফেলেছে কেকেআর। এরপর থেকেই যেন তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অস্বীকার করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তাদের সহযোগী পাকিস্তান আবার আরও একধাপ এগিয়ে জানিয়েছে যে তারা বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারত ম্যাচ বয়কট করবে। যার পর ঘোলাজলে নেমে পরিস্থিতি ঠিক করতে নেমেছে আইসিসি।

এ সবের মধ্যে আবার চমক দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স ৬.৪৪ কোটি পাকিস্তানি টাকায় কিনে নিয়েছে এই বিতর্কিত পেসারকে। ভারতে ১ টাকার মূল্য পাকিস্তানে ৩ টাকারও বেশি। সেই হিসেবে এই মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকারও কম। অর্থাৎ বলা যায়, আইপিএল থেকে ছাঁটাই হয়ে প্রায় ৭ কোটির মতো আর্থিক ক্ষতি হল মুস্তাফিজের।

এর আগে ২০১৬ ও ২০১৮ সালে একই দলের হয়ে পাকিস্তানের ঘরোয়া লিগে খেলেছিলেন মুস্তাফিজ। সেই অর্থে, ২০২৬ যেন তাঁর একপ্রকার ঘরে ফেরার বছর। তিনি দেশের হয়ে ১৫টি টেস্ট , ১১৬টি ওয়ান ডে এবং ১২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ভারতেও খেলে গিয়েছেন কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের হয়ে। কিন্তু ২০২৬ সালের বিতর্কের পর দুই দেশের ক্রিকেটীয় এবং কূটনৈতিক সম্পর্ক যেন তলানিতে ঠেকেছে। দলের বিশ্বকাপ বয়কটের সঙ্গে সঙ্গেই টাইগাররা উচ্ছাসে মেতে উঠেছেন। তাঁদের মতে, খেলোয়াড়ের অপমানের থেকে বড় কোন কিছু নয়। এই দিকে, যে অর্থ লাহোরে পাচ্ছেন “ফিজ”, সেই টাকা আইপিএলে কোন সদ্য সই করা খেলোয়াড়েরা স্রেফ ডাগআউটে বসেও পেয়ে যান।

সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। একদিকে বাংলাদেশ ক্রিকেট জুড়ে যখন স্রেফ আঁধার, তখন পাকিস্তানের অস্তমিত আলোয় নিজের কেরিয়ার বাঁচাতে চাইছেন “কাটার” খ্যাত মুস্তাফিজুর।