Virat Kohli: ফাইনালে বিরাট কোহলিকে আউট করার পুরস্কার! নেতৃত্ব পেলেন কিউয়ি অলরাউন্ডার
Indian Cricket Team: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্যাপ্টেন করা হয়েছে অলরাউন্ডারকে। যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বিরাট কোহলিকে মাত্র ১ রানেই আউট করেছিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির ধুন্ধুমার লড়াই শেষ। ভারতীয় ক্রিকেটাররা আপাতত কয়েকদিনের বিশ্রামে। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু। একই ভাবে কিউয়ি প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছেন ঘরের মাঠে পাকিস্তান সিরিজের জন্য। পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্যাপ্টেন করা হয়েছে অলরাউন্ডারকে। যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বিরাট কোহলিকে মাত্র ১ রানেই আউট করেছিলেন।
মিনি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের ভেনুতে যে ম্যাচগুলো খেলেছে সেগুলি ব্যাটিং সহায়ক। সেখানে চ্যালেঞ্জও কম ছিল। দুবাইয়ে গ্রুপের ম্যাচে ভারতের বিরুদ্ধে অনবদ্য লড়াই করেছিল কিউয়িরা। শেষ অবধি ভারতই জিতেছিল ম্যাচটি। ফাইনালেও ভালো পারফর্ম করেছে। এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতেছে ভারত। তবে বেশ কিছু অংশেই ভারতকে চাপে ফেলেছিল কিউয়িরা। বিশেষ করে বিরাট কোহলির আউটের মুহূর্ত। তাঁকে লেগ বিফোর করেন কিউয়ি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তাঁকেই টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এতদিন সাদা বলের নেতৃত্ব দিয়েছেন মিচেল স্যান্টনার। তাঁর জায়গায় ব্রেসওয়েল টি-টোয়েন্টি ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের যে সমস্ত প্লেয়াররা আইপিএলে রয়েছে, তাঁদের অবশ্য এই স্কোয়াডে প্রত্যাশিত ভাবেই রাখা হয়নি। তবে অনেক অভিজ্ঞ প্লেয়ারই রয়েছেন। মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে নিউজিল্যান্ড যে টিম বেছে নিয়েছে-মাইকেল ব্রেসওয়েল (ক্যাপ্টেন), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যা ফোকস, মিচ হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, উইল ও’রুরকি, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সিফার্ট, ঈশ সোধী।
