নতুন ভূমিকায় দ্রাবিড়-অশ্বিন, কোন টুর্নামেন্টে দেখা যাবে তাঁদের ?

আইপিএলে আরসিবি ও রাজস্থানের হয়ে খেলেছেন দ্রাবিড়। দুই দলই আইপিএল জিতেছে একবার করে। দীর্ঘ সময়ে মেন্টরের ভূমিকাও পালন করেছেন দ্রাবিড়। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২ বার আইপিএল পেয়েছেন অশ্বিন।

নতুন ভূমিকায় দ্রাবিড়-অশ্বিন, কোন টুর্নামেন্টে দেখা যাবে তাঁদের ?
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 07, 2026 | 4:27 PM

কলকাতা : একসময় দেশের হয়ে বহু ম্যাচ খেলেছেন তাঁরা। আইপিএলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জয় এসেছে তাঁদের হাত ধরেই। এবার সেই রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিনকে অন্য ভূমিকায় দেখা যেতে চলেছে। রাজস্থান রয়্যালসের হয়ে কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়। অন্যদিকে, আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিনও। তার মধ্যেই দুই প্রাক্তনী বিদেশের লিগের দল কিনতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগে (ইটিপিএল) ভারতীয়দের কনসোর্টিয়ামের সদস্য দ্রাবিড় ও অশ্বিন। সেখানেই গ্লাসগো শহরের ক্রিকেট দল কিনতে আগ্রহী তাঁরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, নেদারল্যান্ডসের রটারড্যামের দল কিনতে আগ্রহী ফাফ দুপ্লেসি, হেনরিখ ক্লাসেন ও জন্টি রোডস্। চলতি বছরের জানুয়ারি মাসেই ইটিপিএলের তরফে ঘোষণা হয়েছিল, আমস্টারডাম, বেলফাস্ট, এডিনবরার ক্লাব যুক্ত হবে এই টুর্নামেন্টে। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা চলতি বছরের মাঝামাঝি পর্যায়ে। বিবিসি-র একটি রিপোর্ট অনুযায়ী, আমস্টারডামের দলের মালিক হতে চলেছেন অজি ক্রিকেট কিংবদন্তি স্টিভ ওয়া, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট জেমি ডয়ার এবং অস্ট্রেলিয়া-ভারত সম্পর্কের প্রাক্তন সিইও, টিম টমাস। ইতিমধ্যেই এই প্রতিযোগিতার সঙ্গে নাম জড়িয়েছে নাথান ম্যাককুলাম, কাইল মিলস, গ্লেন ম্যাক্সওয়েলদের। তাঁরাও নানা দল কিনতে আগ্রহী। তবে শোনা যাচ্ছে, এই মাসের শেষে দলগুলির নাম ঘোষণা হতে পারে। একমাত্র আয়ারল্যান্ডের ডাবলিন শহরের দলটিই আপাতত বিক্রি হয়নি। শোনা যাচ্ছে, দ্য হান্ড্রেডের দুই দলের মালিক এই দলটি কিনতে আগ্রহী। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডের ক্রিকেট বোর্ড নিয়ে তৈরী হয়েছে এই প্রতিযোগিতা। বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে কেউ টুর্নামেন্টের অংশীদার বলে জানা গিয়েছে।

আইপিএলে আরসিবি ও রাজস্থানের হয়ে খেলেছেন দ্রাবিড়। দুই দলই আইপিএল জিতেছে একবার করে। দীর্ঘ সময়ে মেন্টরের ভূমিকাও পালন করেছেন দ্রাবিড়। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২ বার আইপিএল পেয়েছেন অশ্বিন। ২০১০, ২০১১ – পরপর দুই বার খেতাব জেতে সিএসকে। সেই দলের সদস্য ছিলেন অশ্বিন। এক দীর্ঘ সময় ক্রিকেটারের ভূমিকা পালনের পর এবার ফ্র্যাঞ্চাইজি দলের মালিকের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড় ও অশ্বিনকে।