RCBvsCSK : হারের হ্যাটট্রিক সিএসকের, টেবিলের শীর্ষে আরসিবি!
IPL 2026 : এই নিয়ে শেষ কয়েকটি ম্যাচে আরসিবির কাছে ধরাশায়ী হল সিএসকে। ২০২৪ সালে শেষ ম্যাচে হারের পর থেকেই যেন সব বিগড়ে গিয়েছে চেন্নাইয়ের। এই নিয়ে টানা ৩ ম্যাচে ৩টিতেই হারলেন সঞ্জুরা।

কলকাতা : বেশি না, এক বছর পিছিয়ে যান। আরসিবি বনাম চেন্নাই। সেদিনও প্রথমে ব্যাট করতে নেমে একসময় চাপে পড়ে গিয়েছিল আরসিবি। সেখান থেকে ম্যাচ ঘুরিয়েছিলেন রোমারিও শেপার্ড। তাঁর ১৪ বলে ৫৩ রানের দৌলতে ২০০ পার করেছিল আরসিবি। জিতেছিল মাত্র ২ রানে। আজ শেপার্ড যেন মাঠে থেকেও ভর করেছিলেন টিম ডেভিডের উপর। ২৫ বলে ৭০ রান করলেন ডেভিড। ১৯ তম ওভারে এল ৩০ রান। শেষ অবধি আরসিবি করল ২৫০। এই দুই দলের মধ্যে যে কটা ম্যাচ হয়েছে, তার মধ্যে আজকের ম্যাচে সর্বোচ্চ রান করল আরসিবি। শেষে জয় এল মাত্র ৪৩ রানে। এরফলেই দুই ম্যাচে জিতে টেবিলের ফার্স্টবয় আরসিবি।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৩০ বলে ৪৬ রান করলেন ফিল সল্ট। কোহলি করলেন মাত্র ২৮। যদিও তাতে কোনও অসুবিধে হয়নি আরসিবির। ভাল মখেললেন দেবদত্ত পাদিক্কাল। টানা দুই মাঠে হাফ সেঞ্চুরি করলেন দেবদত্ত। তিনি আউট হতেই যেন ঝড় উঠল চিন্নাস্বামীতে। ১৯ বলে ৪৮ রান করলেন অধিনায়ক রজত পাতিদার। আগের ম্যাচে করেছিলেন ১২ ম্যাচে ৩২ রান। আজ অপরাজিত রইলেন ৪৮ রানে। কিন্তু আরসিবিকে রেকর্ডের মুখে দাঁড় করলেন টিম ডেভিড। চেন্নাই বোলারদের পাড়ার বোলারের পর্যায়ে নামিয়ে এনে করলেন ২৫ বলে ৭০ নট আউট। ২০ ওভার শেষে আরসিবি করল ২৫০/৩। দুই দলের মুখোমুখি ম্যাচে সর্বোচ্চ রান উঠল আজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে শুরু করে চেন্নাই। ৩০ রানের মধ্যেই প্যাভিলিয়ন ফিরে যান অধিনায়ক রুতুরাজ, সঞ্জু ও আয়ুষ মাত্রে। সেখান থেকে পাল্টা চেষ্টা করা শুরু করেছিলেন সরফরাজ খান। ২৪ বলে হাফ সেঞ্চুরি করলেন সরফরাজ। কিন্তু তিনি পাশে জেমি ওভারটন (৩৭) ছাড়া কাউকে পেলেন না। শেষের দিকে একা প্রশান্ত ভীর (৪৩) লড়লেও আরসিবির রানের পাহাড় টপকাতে পারেনি চেন্নাই। শেষ অবধি ১৯.৪ ওভারেই তারা অল আউট হয়ে যায় ২০৭ রানে। ৪১ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। এই নিয়ে আইপিএলে ২০০ উইকেট হয়ে গেল তাঁর। ২টি করে উইকেট পেলেন জেকব ডাফি, অভিনন্দন সিং ও ক্রুনাল পাণ্ড্য।
এই নিয়ে শেষ কয়েকটি ম্যাচে আরসিবির কাছে ধরাশায়ী হল সিএসকে। ২০২৪ সালে শেষ ম্যাচে হারের পর থেকেই যেন সব বিগড়ে গিয়েছে চেন্নাইয়ের। এই নিয়ে টানা ৩ ম্যাচে ৩টিতেই হারলেন সঞ্জুরা। নেই ধোনি ও ব্রেভিস। কিন্তু তারপরেও যেন কোনও কিছুই ব্যাটে বলে হচ্ছে না চেন্নাইয়ের। চ্যাম্পিয়ন হওয়া দূর অস্ত, আপাতত চেন্নাই একটা ম্যাচ জিতুক, এমনই চান সমর্থকরা।
