
কলকাতা: টেস্ট ক্রিকেটে উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) কামব্যাকটা ভালোই হয়েছে। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে তাঁর বেশ উন্নতিও হয়েছে। কিউয়ি টেস্ট সিরিজের মাঝে আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। সেখানে ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে (Virat Kohli) ছাপিয়ে গিয়েছেন পন্থ। বেঙ্গালুরু টেস্টে মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া করেন ঋষভ। সেঞ্চুরি মিস হলেও আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে তিন ধাপ উপরে উঠেছেন তিনি। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন টিম ইন্ডিয়ার কোন কোন ক্রিকেটার?
আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৯১৭। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে চলতি তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলেননি। কিউয়ি বোর্ড জানিয়েছে, দ্বিতীয় টেস্টেও খেলবেন না কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে খেললে তাঁর অর্জিত রেটিং পয়েন্ট বাড়ার সম্ভবনা ছিল। এই তালিকায় তিনে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮০৩।
ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় চারে রয়েছেন। বেঙ্গালুরু টেস্টের পরও এই তালিকায় তাঁর স্থান পরিবর্তন হয়নি। ৩ ধাপ উঠে ছয়ে পৌঁছেছেন ঋষভ পন্থ। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৪৫। ঋষভের উন্নতির পাশাপাশি বিরাট কোহলির আইসিসি ব্যাটারদের তালিকায় অবনতি হয়েছে। একধাপ নেমে ৮ এ পৌঁছেছেন বিরাট কোহলি। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে ভারতের ৩ ক্রিকেটারই জায়গা পেয়েছেন। ২ ধাপ নেমে ভারত অধিনায়ক পৌঁছে গিয়েছেন ১৬ নম্বরে।