
কলকাতা : ইডেনের বাইশ গজ এর আগে অনেক কীর্তি দেখেছে। ২০১৬ সালে এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে বেন স্টোকসকে চার বলে পর পর চারটে ছয় মেরে ইংল্যান্ডের মুখ থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিলেন কার্লোস ব্রাথওয়েট। ২০১২ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজকে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে একা রোমারিও শেফার্ডই শেষ করলেন বিপক্ষকে। শনিবারের ইডেনে যেন রোমারিও যেন ব্রাথওয়েট! তিনিও এক ওভারে হ্যাটট্রিক সহ চার উইকেট নিয়ে মাতিয়ে দিলেন নন্দনকানন।
স্কটল্যান্ডকে জিততে গেলে তখন করতে হত ২৪ বলে ৫১ রান। হাতে ৫ উইকেট। ১৭তম ওভারে বল করতে এসে মাত্র ১ রান দিয়ে ৪ উইকেট নিলেন রোমারিও শেফার্ড। করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনও ওয়েস্ট ইন্ডিজের বোলার হ্যাটট্রিক করলেন। ১৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে তাঁর দাপটেই মাত্র ১৪৭ রানে শেষ স্কটল্যান্ডের ইনিংস। ৩৫ রানে জয়ী শাই হোপরা। শেফার্ডের বাইশ গজে তাণ্ডব নতুন নয়। গত আইপিএলেই বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সিএসকের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ৫৩ রান করে দলের ২০০ রানের গণ্ডি পার করেছিলেন রোমারিও। সেই ম্যাচ জিতেছিল আরসিবি। আজ আবার হ্যাটট্রিক করে দলকে সহজ জয় এনে দিলেন।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন শিমরন হেটমায়ার। তাঁর করা ৬৪ রানই দলকে বড় রান তুলতে সাহায্য করে। যোগ্য সঙ্গত দিয়েছেন শারফেন রাদারফোর্ড। তাঁর ১৩ বলে ২৬ রানের ইনিংসে রয়েছে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। স্কটল্যান্ডের হয়ে একমাত্র ব্র্যাড ক্যুরি নিয়েছেন ২টি উইকেট। আজ স্কটিশ টিমের হয়ে ডেবিউ করলেন অলিভার ডেভিডসন। তিনিও পেয়েছেন একটি উইকেট।
ব্যাট করতে নেমে একসময় ১১৫ রানে ৪ উইকেট ছিল স্কটল্যান্ডের স্কোর। ইডেনের দর্শকেরা আশাবাদী ছিলেন, হয়ত চার ছক্কার ফুলঝুরি দেখবেন তাঁরা। সেই বাসনা চুরমার হয়ে গেল রোমারিও শেফার্ডের জন্য। ৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এটাই টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। ৩ উইকেট পেয়েছেন জেসন হোল্ডার। একটি করে উইকেট পেয়েছেন শামার জোসেফ এবং মোটির।
২০১৬ সালে কার্লোসের ব্যাটে এই কলকাতাতেই বিশ্বজয়ের রূপকথা লিখেছিল ওয়েস্ট ইন্ডিজ। দশ বছর পরে আবার ভারতে বসেছে বিশ্বকাপের আসর। এবারেও কি কাপ জিতবেন পাওয়েলরা ? উত্তর দেবে সময়।