গুগলের সঙ্গে মিশল ক্রিকেট, সুন্দর পিচাইকে পুল মারা শেখালেন গিল!

সুন্দরের আবদার শুনেই ব্যাট হাতে শিক্ষকের ভূমিকায় নেমে পড়েন শুবমান। পিচাইকেও নিষ্ঠাভরে শেখাতে শুরু করেন তিনি। পিচাইকে গিলের শট শেখানোর ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। গুগল কর্মীদের সঙ্গে ছবিও তুললেন তিনি।

গুগলের সঙ্গে মিশল ক্রিকেট, সুন্দর পিচাইকে পুল মারা শেখালেন গিল!
Image Credit source: Ꮪhubman Gill's Insta Page

| Edited By: Moumita Das

Feb 22, 2026 | 8:58 PM

কলকাতা : বিশ্বকাপ দলে এই মুহূর্তে তিনি নেই। তাই,মাঠের সঙ্গে স্বাভাবিকভাবেই কোনও সম্পর্ক নেই তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলায় নেই ঘরোয়া ক্রিকেটও। এর মধ্যেই গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা হল ভারতীয় ক্রিকেটের প্রিন্সের। গুগলের গুরুগ্রামের অফিসে গিয়েছিলেন শুবমান গিল। সেখানেই উপস্থিত ছিলেন সুন্দর পিচাই। নানা কথার পর শুবমানের কাছে পুল শট শিখতে ইচ্ছুক হন সুন্দর।

সুন্দরের আবদার শুনেই ব্যাট হাতে শিক্ষকের ভূমিকায় নেমে পড়েন শুবমান। পিচাইকেও নিষ্ঠাভরে শেখাতে শুরু করেন তিনি। শট মারা শেখাতে গিয়ে শুবমান বলেন,”পুল মারার সময় আপনাকে দুই হাত প্রসারিত করতে হবে। তাহলেই শট নিখুঁত হবে।” তাঁর পরামর্শ,”বল দ্রুত ব্যাটে এলে হাত প্রসারিত করার মতো অবস্থা থাকবে না। তখন কব্জির শক্তিতেই শট মারতে হবে। চাপের মধ্যে বেশিরভাগ ব্যাটার এভাবেই রান করার চেষ্টায় থাকেন।” গিল এও জানিয়েছেন, এটি তেমন কোনও কৌশল নয় যা কেউ দৈনন্দিন অনুশীলন করে কিন্তু এই শট খেলার প্র্যাক্টিস তাঁর শক্তিতে পরিণত হয়েছে। যদিও বেশিরভাগ ব্যাটার হাত প্রসারিত করেই শর্ট বল খেলার অনুশীলন করেন, সেখানে গিল তাঁর কব্জির জোরকেও গুরুত্ব দেন। তাঁর মতে, যাঁরা বলের গতি ব্যবহার করতে চান, তাঁরাই এভাবে শট খেলেন। গিলের অবশ্য জোর তাঁর কব্জির উপরেই।

পিচাইকে গিলের শট শেখানোর ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। গুগল কর্মীদের সঙ্গে ছবিও তুললেন তিনি। আপাতত বিশ্বকাপ দলের বাইরে তিনি। সামনেই শুরু আইপিএল। তার আগে তাঁর এই সময় কাটানো মন জিতেছে নেটিজেনদের। আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচেও দেখা গেল পিচাইকে। টিভি সম্প্রচারকারী সংস্থার হয়ে কমেন্ট্রি করতে এসেছিলেন তিনি।