Tilak Verma : এক ইনিংসেই ছন্দ ফিরল তিলকের !

চেন্নাইয়ে নিজের জায়গা ছেড়ে লোয়ার অর্ডারে ব্যাটে নামলেন তিনি। দলের প্রয়োজনে সেখানেও খেলতে প্রস্তুত তিনি। অতীতেও বহুবার ৫ বা ৬ নম্বরে ব্যাট করেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একই কাজ আগে করেছেন তিলক।

Tilak Verma : এক ইনিংসেই ছন্দ ফিরল তিলকের !
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 27, 2026 | 1:39 PM

কলকাতা : ম্যাচের পর অনেক বেশি প্রাণখোলা লাগছিল তাঁকে। খুব স্বাভাবিক, শেষ কয়েকদিন তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। একের পর এক ধীরগতির ইনিংস, বাজে ব্যাটিং, ফলত স্লোগান উঠেছিল তাঁকে বাদ দেওয়ার। গতকাল যেন যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন তিনি। বলা হয়েছিল, স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেট খারাপ তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারের পর ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। গতকাল যেন যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন তিলক। অপরাজিত রইলেন ১৬ বলে ৪৪ রানে।

চেন্নাইয়ে নিজের জায়গা ছেড়ে লোয়ার অর্ডারে ব্যাটে নামলেন তিনি। দলের প্রয়োজনে সেখানেও খেলতে প্রস্তুত তিনি। অতীতেও বহুবার ৫ বা ৬ নম্বরে ব্যাট করেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একই কাজ আগে করেছেন তিলক। ম্যাচ শেষে তিনি বললেন,”দল যেখানে চাইবে, সেখানেই আমি খেলতে প্রস্তুত। অতীতেও এই পজিশনে আমি ব্যাট করেছি। আমি অপেক্ষা করছিলাম একটা ভাল ইনিংসের। এই ম্যাচে সেটা পেয়েছি। আশা করছি পরবর্তী ম্যাচেও এই সুযোগ পাব।” সঞ্জু স্যামসনকেও প্রশংসা করেছেন তিনি। তিলক বললেন,”সঞ্জুর শুরু থেকেই আক্রমণ বাকি ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে। ড্রেসিংরুমে আমরা এই নিয়েই কথা বলেছিলাম। বলা হয়েছিল, পাওয়ার প্লেতে উইকেট গেলেও যেন কেউ কোনও বদল না আনে।”গত ম্যাচের পর গৌতম গম্ভীর দলকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন,”উইকেট পড়লেও ক্ষতি নেই। পরিস্থিতি যেমনই হোক, সবাই খেলাটা উপভোগ করো। প্রথম বল হিট করতে চাইলে অবশ্যই হিট করো।”

ফিল্ডিংয়ে নেমেও স্বচ্ছন্দ দেখিয়েছে তাঁকে। গ্যালারি থেকে আসা কমেন্ট, দর্শকদের তালে তাল মেলানো – সব মিলিয়েই যেন তিলককে মনে হয়েছে ২৩ বছরের তরুণ। তাঁকে দেখে মনে হয়েছে, তিনি শুধু রান ফিরে পান নি, ফিরে পেয়েছেন তাঁর ছন্দও। চেন্নাইয়ের ম্যাচে একসঙ্গে ২জন মুক্তি পেল। এক, ভারতের রানরেট চিন্তা ও দুই, তিলকের অফ ফর্ম।