IPL : টিমকে পেপ-টক, আরসিবিকে ফের জয়ের রাস্তা দেখালেন বিরাট !

এই বছর দলে রয়েছেন জেকব বেথেল, জর্ডন কক্স, ভেঙ্কটেশ আয়ারের মতো তারকারা। তাঁদের নিয়ে তৃপ্ত কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। হায়দরাবাদ ছাড়াও রাজস্থান, চেন্নাই, মুম্বইয়ের সঙ্গে খেলবে কোহলির আরসিবি। সেখানেই টানা দুই বার ট্রফি জিততে দলকে বার্তা কোহলির।

IPL : টিমকে পেপ-টক, আরসিবিকে ফের জয়ের রাস্তা দেখালেন বিরাট !
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 21, 2026 | 7:47 PM

কলকাতা : গতবছরই এসেছে বহুকাঙ্খিত ট্রফি। ১৮ বছরের অভিশাপ কাটিয়ে অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। এই বছরেও তাদের কাছেই আবার ট্রফির প্রত্যাশা করছেন সমর্থকরা। চেন্নাই বাদ দিলে কোনও আইপিএল দলই টানা দুই বছর ট্রফি জেতেনি। ২০১০, ২০১১ সালে টানা দুই বার আইপিএল জিতেছিল সিএসকে। সেখানে আরসিবির ভাঁড়ারে শুধুই শূন্যতা। ২০২৪ সালে একমাত্র ডব্লিউপিএল জিতেছিল স্মৃতি মান্ধানার আরসিবির মহিলা দল। ২০২৫ সালে জিতল আরসিবির ছেলেরা। এই বছর, ২০২৬-এ আবার চ্যাম্পিয়ন স্মৃতিরা। সেখানেই আবার দুই টানা দুই বার জিততে দলকে বার্তা কোহলির।

চিন্নাস্বামী স্টেডিয়ামে দলের প্রথম অনুশীলনে কোহলি দলের উদ্দেশ্যে বলেছেন,”গত বেশ কয়েক বছর আমরা প্রচুর পরিশ্রম করেছি। গতবার তারই ফল পেয়েছি। এই বছর আমাদের আরও খাটতে হবে। নিজের ১২০% দিতে হবে মাঠে। বিপক্ষ দলগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে কঠিন লড়াই করবে।” কোহলি আরও বলেছেন,”প্রথম ম্যাচ থেকেই নিজেদের সেরা দিতে হবে আমাদের। সময় নষ্ট করলে চলবে না। প্রত্যেকটা সেশন কাজে লাগাতে হবে। নিজেদের ১২০% দিতেই হবে।” ২৮ মার্চ প্রথম ম্যাচেই ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে আরসিবি। এই বছর দলে রয়েছেন জেকব বেথেল, জর্ডন কক্স, ভেঙ্কটেশ আয়ারের মতো তারকারা। তাঁদের নিয়ে তৃপ্ত কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর কথায়, নিলাম ভাল গিয়েছে ও দল উন্নতি করেছে। হায়দরাবাদ ছাড়াও রাজস্থান, চেন্নাই, মুম্বইয়ের সঙ্গে খেলবে কোহলির আরসিবি।

ইতিমধ্যেই আরসিবি দল নিয়ে তৈরী হয়েছে প্রশ্ন। অনুশীলনে যোগ দেননি যশ দয়াল। আগেই তাঁর বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। একজন নাবালিকা রয়েছেন অভিযোগকারিণীর মধ্যে। এই কারণেই প্রশ্ন উঠেছে, দলের ভাবমূর্তি রক্ষা করতেই কি আরসিবি যশকে ছেড়ে দিল ? গত মাসেই বিয়ে করেছেন যশ। তাঁর স্ত্রী জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শ্বেতা পুন্ডির। সমাজমাধ্যমে অবশ্য বিয়ের কথা ঘোষণা করেননি দম্পতি। তাঁর ব্যাপারে কোনও খবর নেই উত্তরপ্রদেশ বোর্ডের কর্তাদেরও। নিজের ফোন নম্বরও পাল্টে ফেলেছেন যশ। তাই তাঁর সম্পর্কে কোনও তথ্য নেই কারও কাছে, যা উদ্বেগে ফেলবে আরসিবি সমর্থকদের। একই সঙ্গে কোহলির পেপটিক শুনে দ্বিতীয়বার ট্রফি জিততে ঝাঁপাবেন হ্যাজেলউড-পাতিদাররা।

Follow Us