Virat Kohli: স্লো উইকেটে দরকার নেই… বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন বিরাট?
ICC Men's T20 World Cup: আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই জায়গাতেই উইকেটের চরিত্র অনেকটাই মন্থর। স্পিন ধরবে, বল টার্ন করবে। পরীক্ষার মুখে পড়তে হবে ব্যাটারদের। যাঁরা স্পিন ভালো খেলেন, তাঁরা সফল হবেন। যাঁরা স্পিনের বিরুদ্ধে লড়াই করেন, তাঁদের পক্ষে কঠিন ঠাঁই হতে চলেছে এ বারের বিশ্বকাপ। আর সেই কারণেই বিরাটকে বিশ্বকাপের টিম থেকে বাদ দেওয়ার যুক্তি নাকি তুলে ধরা হচ্ছে।

কলকাতা: চিপকে কি কখনও সাম্রাজ্য বিস্তার করতে পারবেন? স্পোর্টিং উইকেট হলে হয়তো পারবেন! সারা দেশের যে কোনও মাঠে তিনি দারুণ সফল। রানের বন্যা বইয়ে দিয়েছেন যখনই নেমেছেন ব্যাট হাতে। কিন্তু চিপক তাঁর কাছে বরাবর কঠিন ঠাঁই। মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে যেন রানই করতে পারেন না। কাকে নিয়ে কথা হচ্ছে? ইনি বিরাট কোহলি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। বিশ্ব ক্রিকেটের মুখ। তবু তাঁকে নিয়ে প্রশ্নের শেষ নেই। যত কেরিয়ারের প্রান্তিক স্টেশনের দিকে এগোচ্ছেন, ততই যেন তাঁকে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। আইপিএল থেকে টেস্ট, বিরাটের নামের পাশে অসংখ্য সেঞ্চুরি। তাও এই বিরাট চিপকে কেন খেলতে পারেন না? মন্থর উইকেটে মানিয়ে নিতে পারেন না। ৩০র মতো গড় চেন্নাইয়ের ওই মাঠে। সেঞ্চুরি এখনও জোটাতে পারেননি। এই যুক্তিই কি এ বার তাঁর বিরুদ্ধে যাচ্ছে? শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে। কারণ কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই জায়গাতেই উইকেটের চরিত্র অনেকটাই মন্থর। স্পিন ধরবে, বল টার্ন করবে। পরীক্ষার মুখে পড়তে হবে ব্যাটারদের। যাঁরা স্পিন ভালো খেলেন, তাঁরা সফল হবেন। যাঁরা স্পিনের বিরুদ্ধে লড়াই করেন, তাঁদের পক্ষে কঠিন ঠাঁই হতে চলেছে এ বারের বিশ্বকাপ। আর সেই কারণেই বিরাটকে বিশ্বকাপের টিম থেকে বাদ দেওয়ার যুক্তি নাকি তুলে ধরা হচ্ছে। এমনই খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্রিকেট মহলে। এমনও বলা হচ্ছে, বিরাটকে নাকি বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে। যাতে বিরাট জায়গা করে দেন তরুণ প্রজন্মকে।
কেন বিরাটকে বিশ্বকাপের টিম থেকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে? টেলিগ্রাফের খবর অনুযায়ী, ২০ ওভারের ফর্ম্যাটে বিরাট নাকি টিমের সঙ্গে ফিট করছেন না। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্যাচে তাঁকে খেলানো হয়েছিল। কিন্তু বিরাটের কাছ থেকে যা চাওয়া হচ্ছে, তা পূরণ করতে পারেননি। বিরাট ওই সিরিজে তেমন সফলও নন। তাই তাঁর বদলে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবেদের খেলানোর কথা ভেবে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। রয়েছেন লোকেশ রাহুলও। যদিও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করা ধ্রুব জুরেল, জিতেশ শর্মারাও রয়েছে দৌড়ে।
তা হলে কি বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন শেষ? প্রশ্ন এখানেই আবার অন্য দিকে মোড় নিচ্ছে। বিরাটের মতো ব্যাটার যে আইপিএলকে বেছে নেবেন নিজেকে প্রমাণ করার জন্য, তা নিয়ে সন্দেহ নেই। যে চিপকে সেই অর্থে সফল নন, সেখানেই ধোনির টিমের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে আরসিবি। ওই ম্যাচেই যদি বিরাট-বিস্ফোরণ দেখা যায়, তা হলে কিন্তু পরিস্থিতি অন্য দিকে মোড় নেবে। আইপিএলে বিরাট দুরন্ত পারফর্ম করলে তখন এত অঙ্ক থিতিয়ে যাবে তো বটেই, বিরাটকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ টিমও কল্পনা করা যাবে না।
