KKR: এই প্রশ্নের উত্তর ওরাই দেবে…বিস্ফোরক নাইট অধিনায়ক রাহানে!

IPL 2026 : গতকাল ২২০ রান বোর্ডে তুলেও হেরেছে কেকেআর। বরুণ থেকে নারিন, কেউই পরিণত বোলিং করতে পারেন নি। নাইটদের বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়া বৈভব অরোরা ৪ ওভারে ৫২ রান দিয়েছেন। স্পিনার বরুণ দিয়েছেন ৪ ওভারে ৪৮ রান।

KKR: এই প্রশ্নের উত্তর ওরাই দেবে...বিস্ফোরক নাইট অধিনায়ক রাহানে!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Mar 30, 2026 | 2:04 PM

কলকাতা : আইপিএলে ১৩ বছর পর নিজেদের প্রথম ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। গতকাল, রবি সন্ধ্যায় কেকেআরের নির্বিষ বোলিংকে চূর্ণ করে ২২১ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে মুম্বই। এরপর থেকেই নাইটদের ম্যাচ নিয়ে ময়নাতদন্ত চলছে। ২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কেনা হলেও কেন তিনি, ক্যামেরন গ্রিন বল করছেন না ? এই প্রশ্নই তুলছেন অনেকে।

গতকাল গোটা ম্যাচেই বল করেননি গ্রিন। যে মুহূর্তে ওয়াংখেড়েতে ফুল ফোটাচ্ছেন রোহিত শর্মা, রায়ান রিকলটন, তখনই কেন অধিনায়ক অজিঙ্ক রাহানে বা অন্তর্বর্তীকালীন অধিনায়ক রিঙ্কু সিং বল করতে পাঠালেন না গ্রিনকে? ম্যাচের পরে এই নিয়ে প্রশ্ন করতেই রাহানে বললেন,”কেন গ্রিন বোলিং করল না, এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করলে ভাল হয়। ওরাই ভাল বলতে পারবে।” তবে একই সঙ্গে আশার আলো দেখালেন নাইট অধিনায়ক। “আশা করছি গ্রিন খুব শীঘ্রই বোলিং করা শুরু করবে ও তাতে আমাদের দলের একটু হলেও ভারসাম্যের বদল হবে। আমরা ব্যাট ভাল করেছি কিন্তু বোলিংয়ের ভারসাম্য প্রয়োজন ছিল।”

আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রিনকে বল করার ছাড়পত্র দেয়নি। শেফিল্ড শিল্ডে তিনি ভাল খেলেছেন কিন্তু তাঁর চোট থাকায় তিনি এই মুহূর্তে বোলিং করার জন্য পর্যাপ্ত ফিট নয়। বোলিং নিয়ে দুরবস্থার কারণে রাহানের বক্তব্য,”আমাদের বোলিং অনভিজ্ঞ। উল্টোদিকে, মুম্বই যথেষ্ট অভিজ্ঞ। দুই দিকেই বাজিমাত করেছে মুম্বই। এটি আমাদের কাছে একটা শিক্ষা। ওরা খুব ভাল ব্যাট করেছে। আশা করছি, আমাদের দল এই হার থেকে শিখে এগিয়ে যাবে।” গতকাল চোটের কারণে ম্যাচ থেকে বেরিয়ে যান রাহানেও। মুম্বই ইনিংসের পঞ্চম ওভার চলাকালীন পায়ের পাতা ধরে বসে পড়েন রাহানে। পরে মাঠেই তাঁর শুশ্রূষা চললেও একসময় মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। যদিও শোনা গিয়েছে, রাহানের চোট খুব একটা গুরুতর নয়। নিজের চোট নিয়ে আশ্বস্ত করেছেন রাহানে নিজেই।

গতকাল ২২০ রান বোর্ডে তুলেও হেরেছে কেকেআর। বরুণ থেকে নারিন, কেউই পরিণত বোলিং করতে পারেন নি। নাইটদের বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়া বৈভব অরোরা ৪ ওভারে ৫২ রান দিয়েছেন। স্পিনার বরুণ দিয়েছেন ৪ ওভারে ৪৮ রান। রায়ান রিকলটন ও রোহিত শর্মার ব্যাটে ভর করে ৫ বল বাকি থাকতেই কলকাতার বিরুদ্ধে ম্যাচ শেষ করে মুম্বই শুধু ২ পয়েন্ট নিয়েই গেল না, বরং কেকেআর দলের বোলিংয়ের শ্রীহীন অবস্থাটা বেআব্রু করে দিয়ে গেল।

Follow Us