T20 World Cup: ধোনিই বদলে দিয়েছেন দেখার চোখ, তাতেই সাফল্য পাচ্ছেন শিবম!
বাউন্সার সামলানোর ক্ষেত্রে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে দেখা গিয়েছে সেই ঝলক। ওই ম্যাচে ৩১ বলে ৬৬ রান করে ম্য়ান অফ দ্য ম্যাচ হন শিবম। দুরন্ত ইনিংসের পর সাক্ষাৎকারে নিজের পরিবর্তনের কথা জানিয়েছেন। কী বলেছেন শিবম?

কলকাতা: মাহির ছোঁয়ায় বদলে গিয়েছেন অনেকে। হারিয়ে যেতে যেতে ফিরে এসেছেন আবার। কেউ কেউ আলোড়নও ফেলে দিয়েছেন। সেই তালিকায় এখন নতুন নাম শিবম দুবে। একটা সময় ছিল পেস বোলিংয়ের বিরুদ্ধে দুর্বলতা ছিল। সেভাবে সাফল্য পাচ্ছিলেন না। কিন্তু মহেন্দ্র সিং ধোনির জন্য শিখতে পেরেছিলেন, কীভাবে সামলাতে হয় পেস বোলিং। তারই সুফল মিলছে। বাউন্সার সামলানোর ক্ষেত্রে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে দেখা গিয়েছে সেই ঝলক। ওই ম্যাচে ৩১ বলে ৬৬ রান করে ম্য়ান অফ দ্য ম্যাচ হন শিবম। দুরন্ত ইনিংসের পর সাক্ষাৎকারে নিজের পরিবর্তনের কথা জানিয়েছেন। কী বলেছেন শিবম?
অলরাউন্ডার জানিয়েছেন, আইপিএলের শুরুর দিকে বাউন্সার বল সামলাতে তিনি সমস্যায় পড়তেন। বল ঠিক মতো ব্যাটে আসত না। আত্মবিশ্বাসেও কম ছিল। এই কঠিন সময়েই তাঁর পাশে দাঁড়ান এমএস ধোনি। শিবমের কথায়, “মাহিভাই আমাকে বুঝিয়েছিল, প্রতি বলেই ছক্কা মারতেই হবে, এমনটা নয়। এ ক্ষেত্রে চার বা এক রান নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ।” এই সহজ বিষয়টাই বদলে দেয় শিবমের ভাবনা। শিবম আরও বলেন, “আমি জানতাম এটা আমার দুর্বলতা। তাই অফসিজনে নেটে বাউন্সার সামলানোর জন্য় প্র্যাক্টিস করতাম। ধোনিভাইয়ের কথা মাথায় রেখে চাপ কমেছে। ব্য়াটিং আগের থেকে আরও ভালো করতে পারছি।”
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে সেই প্রতিফলনই দেখা গিয়েছে। প্রথম ১০ ওভারে ৭৪ রান করে কিছুটা চাপে পড়ে যায় ভারতীয় টিম। তবে শিবম ও হার্দিক পান্ডিয়া মিলে শেষ ১০ ওভারে ১১৯ রান করেন। হার্দিক ২১ বলে ৩০ রান করেন। পাশাপাশি সূর্যকুমার যাদব ও তিলক বর্মারও অবদান রয়েছে। তাঁর ওই বিস্ফোরক ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, শিবম দুবের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। আর তার নেপথ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যিনি আবারও প্রমাণ করলেন, মাঠের বাইরে থেকেও কীভাবে একজন ক্রিকেটারের কেরিয়ারকে বদলে দেওয়া যায়।
