
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হেরে চাপে পড়েছে ভারত। সেমিফাইনালে উঠতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ কার্যত ‘মাস্ট উইন’ ভারতের জন্য়। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দল নিয়ে কড়া বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, দলের ভারসাম্য ফেরাতে অবিলম্বে, একাদশে ফেরাতে হবে অক্ষর প্য়াটেলকে। আইসিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ভারতকে অতিরিক্ত স্পিন বিকল্প নিয়ে নামা উচিত। তিনি পরামর্শ দেন, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর দু’জনকেই খেলানো হোক। সঙ্গে থাকবেন বরুণ চক্রবর্তী। শাস্ত্রী যুক্তি দিয়ে বলেন, কোনও বোলারের একটা দিন খারাপ যেতেই পারে। যেমন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বরুণের দিনটা ভালো যায়নি। সেই পরিস্থিতিতেই অতিরিক্ত স্পিনার থাকলে দলকে নিরাপত্তা দেবে।
শাস্ত্রী আরও বলেন, অক্ষর দলে ফিরলে ভারতের ব্যাটিং গভীরতা ৮ নম্বর পর্যন্ত পৌঁছে যাবে। তাঁর কথায়, “যদি ৮ জন ব্যাটার একই সঙ্গে খেলতে না পারে, তাহলে কিছু একটা ভুল হচ্ছে। বিশেষ করে ভারতের ব্যাটাররা যে কোনও প্রতিপক্ষকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।” এই মন্তব্য নিঃসন্দেহে অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাঁর দলের প্রতি সতর্কবার্তা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর সহকারী কোচ রায়ান টেন ডুশখাটে কিন্তু জানিয়েছিলেন অক্ষরের বদলে সুন্দরকে কেন একাদশে নেওয়া হয়েছিল। তাঁর মতে, পাওয়ার প্লে-তে অফস্পিনার হিসেবে কার্যকর ভূমিকা নিতে পারে। সেই সঙ্গে প্রতিপক্ষের বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে কার্যকারিতার জন্যই সুন্দরকে নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তিনি মাত্র ২ ওভার বল করেন এবং ১৭ রান দেন। ব্যাট হাতে করেন ১১ বলে ১১ রান।
এখন প্রশ্ন, টিম ম্যানেজমেন্ট কি শাস্ত্রীর পরামর্শ মেনে দলের ভাইস ক্যাপ্টেন এবং অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষরকে দলে ফিরিয়ে আনবে? জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় ছাড়া আর কোনও রাস্তা নেই ভারতের সামনে। তাই ব্যাটিং শক্তি যতই গভীর হোক না কেন, মাঠে তার প্রমাণ দিতে না পারলে সমালোচনা আরও বাড়বে। ফলে সুপার এইটের এই কঠিন সমীকরণে সূর্যদের সামনে রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। প্রতিভা নয়,দরকার নিখুঁত প্রয়োগ।