
কলকাতা: ডার্বি জিতে আত্মতুষ্ট নয় বরং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছিল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি (East Bengal vs Jamshedpur FC)। লাল-হলুদের মতো জামশেদপুরও গ্রুপে জয়ের হ্যাটট্রিক করেছিল। সেমিফাইনালে ইস্পাতকঠিন লড়াইয়ের সামনে ছিল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে মস্তিষ্কের লড়াইয়ে পেরে উঠলেন না খালিদ জামিল। জামশেদপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। এ মরসুমে দ্বিতীয় ফাইনাল। ডুরান্ড কাপের ট্রফি আসেনি, সুপার কাপে ট্রফি জয়ের আরও একটা সুযোগ ইস্টবেঙ্গলের। কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
ক্লেটনের পেনাল্টি মিসে সামান্য হতাশা। জামশেদপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল। বিস্তারিত পড়ুন: কার্লেস কুয়াদ্রাতের ‘দাবার ছকে’ ফাইনালে ইস্টবেঙ্গল
তরুণ ফুটবলার সায়নকে আটকাতে হিমশিম জামশেদপুর এফসির অভিজ্ঞ ডিফেন্ডার প্রতীক চৌধুরি। সায়নকে বক্সে কোনওরকমে আটকান। রেফারির চোখ এড়ায়নি। পেনাল্টি দেন ইস্টবেঙ্গলের পক্ষে। স্পটকিক নেন ক্যাপ্টেন ক্লেটন সিলভা। জোরালো কিক নিয়েছিলেন ক্লেটন। যদিও ক্রসবারে লাগে। পেনাল্টি থেকে ৩-০ হল না।
কথা বলা খুব প্রয়োজন। কার্লেস কুয়াদ্রাতের টিমে সেটাই দেখা যাচ্ছে। প্রতিটি প্লেয়ারই নিজেদের মধ্যে কথা বলছেন। নিজেদের ভূমিকা, দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। বিশেষ করে বলতে হয় ডিফেন্সের কথা। এই বোঝাপড়ার জন্য ২ গোলের লিডকে সুরক্ষিত বলাই যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অনবদ্য মুভ ইস্টবেঙ্গলের। নন্দকুমারের পাস থেকে নীশু কুমার বল সাজিয়ে দিয়েছিলেন সিভেরিওকে। সেন্ট্রাল ডিফেন্ডার প্রথম গোল করেন। দ্বিতীয় গোল স্ট্রাইকারের। ম্যাচের ৪৭ মিনিটে সিভেরিওর গোলে ২-০ এগিয়ে ইস্টবেঙ্গল।
হাফটাইমে ১-০ ব্যবধানে এগিয়ে ইস্টবেঙ্গল। একমাত্র গোলটি হিজাজির। তবে ১-০ এগিয়ে থাকলেও এই স্কোরলাইন সুরক্ষিত নয়। দ্বিতীয়ার্ধে যত দ্রুত সম্ভব লিড নিতে হবে। জামশেদপুর এখান থেকেও ম্যাচের রং বদলে দিতে পারে।
সকলেই ভেবেছিলেন পারদো থ্রু বল দেবেন। হঠাৎই শট করেন। জামশেদপুর গোলরক্ষক টিপি রেহনেশ লাইনের বাইরে ছিলেন। পারদোর হঠাৎ নেওয়া শট তাঁর ওপর দিয়ে গোলেও ঢুকতে পারতো। তবে পিছিয়ে লাইনে বল ধরেন রেহনেশ।
ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি গোল করছেন, এই দৃশ্য নতুন নয়। জামশেদপুরের বিরুদ্ধে ১৯ মিনিটে হিজাজির গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ক্লেটনের পর সাউল ক্রেসপো খুব সুন্দর জায়গায় বল রেখেছিলেন। গোলের সামনে থেকে হালকা টাচে জালে বল জড়াতে ভুল করেননি হিজাজি।
ইস্টবেঙ্গলে কার্ড সমস্যায় নেই বোরহা। একই কারণে নেই চিমা। ধোঁয়াশা পরিষ্কার হল। বোরহার পরিবর্তে ইস্টবেঙ্গলে শুরু থেকেই বিষ্ণুকে খেলানো হচ্ছে।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেই ড্যানিয়েল চিমা। ম্যাচের আগের দিনও জামশেদপুর এফসি কোচ খালিদ জামিল জানিয়েছিলেন, সকলেই ফিট রয়েছেন। অথচ শুরুর একাদশ দূর অস্ত, রিজার্ভেও নেই চিমার নাম! দেখে নিন জামশেদপুরের লাইন আপ:
জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শুরুর একাদশ এবং সম্পূর্ণ লাইন আপ দেখে নিন:
কলিঙ্গ সুপার কাপে ক্লেটন সিলভা বনাম ড্যানিয়েল চিমা চুকু? ক্লেটন ইতিমধ্যেই চার গোল করেছেন। অন্যদিকে চিমা করেছেন ৩ গোল। ক্লেটন ইস্টবেঙ্গলের বর্তমান। চিমা ইস্টবেঙ্গলের অতীত এবং জামশেদপুর এফসির বর্তমান। ম্যাচের এই দ্বৈরথেও নজর থাকবে।
সোমবার একটি অনুষ্ঠানে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন তাঁর প্রত্যাশা। ইস্টবেঙ্গল কি পারবে মোহনবাগানেরও প্রত্যাশা পূরণ করতে? বিস্তারিত পড়ুন: ইস্টবেঙ্গলের হাতেই সুপার কাপ দেখতে চাইছে মোহনবাগান
কলিঙ্গ সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি। রইল ম্যাচ প্রিভিউ, বিস্তারিত পড়ুন: সবচেয়ে ‘বড়’ ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল
কলিঙ্গ সুপার কাপ কি এখন ম্যাড়ম্যাড়ে লাগছে? কলকাতা ডার্বির পর এমনটাই হওয়া স্বাভাবিক। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নয়। তাদের কাছে ট্রফি জয়ের হাতছানি। আজ প্রথম ধাপ, সেমিফাইনাল। দুটো ম্যাচ জিতলেই ট্রফি। সেটাই লক্ষ্য কার্লেস কুয়াদ্রাতের দলের।