
কলকাতা: আইএসএলের ইতিহাসে প্রথমবার। এই প্রথমবার জয় দিয়ে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। এ যেন একেবারে অচেনা লাল-হলুদ ব্রিগেড। প্রথম দিন থেকেই একেবারে টপ গিয়ারে চলল অস্কার ব্রুজোর দল। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। বদলে যাওয়া দলকে দেখে গ্যালারি থেকে হাসি মুখেই বেরোলেন সমর্থকরা। দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গলও যেন খুঁজে পেল গোল করার লোক। অভিষেক ম্যাচেই নায়ক হয়ে গেলেন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারি। আর অভিষেক ম্যাচেই লাল-হলুদ সমর্থকদের যেন বলে দিলেন, ‘আমি এসে গিয়েছি। চিন্তা কর না।’
কেভিন সিবিয়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায় রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন অস্কার ব্রুজো। আনোয়ারের পাশে অবশ্য ভরসা দিলেন জিকসন সিং। মাঝমাঠে তিন বিদেশি মিগুয়েল, রাশিদ, সাউল ক্রেসপোর উপর ভরসা করেই দল সাজান অস্কার ব্রুজো। দুই প্রান্তে বিপিন সিং আর নন্দকুমার। ইউসেফ এজ্জেজারিকে সামনে রেখেই দল সাজান লাল-হলুদের স্প্যানিশ কোচ। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। রাশিদের জোরালো শট ক্রস পিসে লেগে ফেরত আসে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে নন্দকুমারের জায়গায় এডমুন্ডকে নামাতেই আক্রমণে ঝাঁঝ বাড়ে ইস্টবেঙ্গলের। ৬৫ মিনিটের বিপিনের সেন্টার থেকে হেডে গোল করে ১-০ করেন ইউসেফ। ৫ মিনিট বাদেই ব্যবধান ২-০ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। গ্যালারি জুড়ে স্প্যানিশ স্ট্রাইকারের জয়ধ্বনি আর মশাল জ্বলতে শুরু করে দেয়।
গোলের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আরও আক্রমণ শানান বিষ্ণু, এডমুন্ডরা। ইনজুরি টাইমে নর্থ ইস্টের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিগুয়েল (৩-০)। প্রেসিং ফুটবল আর ইউসেফের ছটফটানি এবারে এই ইস্টবেঙ্গলের অন্যতম হাতিয়ার। মশাল এভাবে জ্বললে এবছর ইস্টবেঙ্গলকে রোখার সাধ্যি কার!