Donald Trump : ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনায় বিব্রত !

২০২৫ এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার এফসিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। মেসি নিজেই ২টি অ্য়াসিস্ট করেন। দলকে এমএলএসের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন করতে গুরুদায়িত্ব পালন করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

Donald Trump : ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনায় বিব্রত !
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 06, 2026 | 3:35 PM

কলকাতা : তিনি অদম্য, তিনি অজেয়। তিনি যা ভাবেন, তাই গোটা বিশ্বের জন্য সঠিক সিদ্ধান্ত বলে গণ্য করা হয়। এমনটাই ভাবেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ও ‘নয়া বিশ্বগুরু’ ডোনাল্ড ট্রাম্প। তাই নির্দ্বিধায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কাছ থেকে চাইতে পারেন ‘আসল’ বিশ্বকাপ ট্রফি। তাই নির্লজ্জের মতো চেলসির ট্রফি উদযাপনের সেলিব্রেশনে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে পড়তে পারেন। এবং হয়ত তাই নিজের কৃতিত্বে খুশ হয়ে নিজেই নিজের জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি করতে পারেন। এবার একধাপ এগিয়ে নতুন কৃতিত্বের অধিকারী হলেন ট্রাম্প। মেসিকে পুরস্কার দেওয়ার সময় জড়িয়ে ফেললেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকেও।

সদ্যই হোয়াইট হাউসে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিসহ পুরো ইন্টার মায়ামি দল। এমএলএস কাপ জয়ের পর হোয়াইট হাউসে সংবর্ধনা দেওয়ার কথা ছিল পুরো দলকে। সেখানেই প্রেসিডেন্ট ট্রাম্প মেসির সঙ্গে তুলনা করে বসেন রোনাল্ডোর। ট্রাম্প বলেন,”আমার ছেলে ব্যারন আমাকে জিজ্ঞেস করেছিল, আজ কে আসবে আমি জানি কি না। আমি স্বাভাবিক ভাবেই বলি জানি না। তখন ব্যারন বলেন মেসির নাম। ব্যারন মেসির বিশাল বড় ভক্ত। মেসি ছাড়া আরও একজন রয়েছেন। তাঁর নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি এবং রোনাল্ডো – তোমরা দুজনেই প্রকৃত চ্যাম্পিয়ন। তোমরা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে বড় মাপের খেলোয়াড়। তোমরা দুজনেই জানো নিজেদের কাজটা কী এবং তোমরা তোমাদের কাজ খুব ভালভাবে করতে পারো।” ট্রাম্পের এই আলোচনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মেসির মুখে হালকা বিরক্তি এলেও তিনি হাসিমুখে বিষয়টি সামলে নেন।

২০২৫ এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার এফসিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। মেসি নিজেই ২টি অ্য়াসিস্ট করেন। দলকে এমএলএসের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন করতে গুরুদায়িত্ব পালন করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এবার তাঁর সঙ্গে রোনাল্ডোর তুলনা নিয়ে ট্রাম্পকে নিয়ে ইতিমধ্যেই খাপ্পা মেসি ভক্তরা। তাদের মতে, মায়ামির ট্রফি জয়ের উদযাপনের সময় রোনাল্ডোর প্রসঙ্গ আনা অপ্রাসঙ্গিক।