
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের কাছে হেরে পাকিস্তান শিবিরে নেমেছে হতাশার ছায়া। এই ম্যাচে পরাজয়ের ফলে সেমিফাইনালে ওঠার লড়াইটা এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে পাক দলের কাছে। এই পরিস্থিতিতে লাইভ টেলিভিশনে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। ম্যাচের আগে এক অনুষ্ঠানে আখতার বলেছিলেন, “ইংল্যান্ড যেন খারাপ খেলে, তাহলেই আমরা দু’পয়েন্ট পৌছে যাব। আর ভারত যদি বাদ পড়ে ও আমরা সেমিফাইনালে উঠি, তার চেয়ে বড় আনন্দের আর কিছু হতেই পারে না।” কিন্তু ম্যাচের ফল সম্পূর্ণ উল্টো হওয়ায় লাইভ টিভিতেই হতাশা প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড চাপে পড়ে যায়। কিন্তু অধিনায়ক হ্য়ারি ব্রুক দুরন্ত ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ৫১ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৬৬ রান তুলে ২ উইকেটে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। জয়ের রানটি আসে জফ্রা আর্চারের ব্যাট থেকে। পাকিস্তানের শাহীন আফ্রিদি ৩০ রান দিয়ে ৪ উইকেট নিলেও তা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সলমন আলী আগা স্বীকার করেন, ব্রুক বরাবরই তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ। তাঁর কথায়, “ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা যখনই হারি, প্রায়ই ব্রুক দলের হয়ে বড় ভূমিকা নেয়। ওর ব্যাটিং অসাধারণ। মাঠের সব দিকেই শট খেলতে পারে, তাই বোলারদের জন্য কঠিন হয়ে যায়।”
হারের পর আখতার পাক অধিনায়ক সলমন আলি আগার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগাকে অধিনায়ক ঘোষণা করার পর, প্রথম দিকে তাঁকে সমর্থন জানিয়েছিলেন আখতারই। কিন্তু এই বড় হারের পর তাঁর অবস্থানে বদল দেখা যায়। এদিকে ইংল্যান্ড সুপার এইট থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তানের ভাগ্য এখন অন্য ম্যাচের ফলের উপর নির্ভরশীল। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও অন্য ম্য়াচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। তবু আশা ছাড়ছেন না অধিনায়ক আগা। তাঁর বার্তা, “১ শতাংশ সুযোগ থাকলেও আমরা শেষ পর্যন্ত লড়ব।” এখন দেখার, ভাগ্য পাকিস্তানের পক্ষে যায় কি না।