ISL 2026, Mohunbagan vs Eastbengal : আইএসএলের শেষলগ্নে ড্র ‘ফাইনালের’ ডার্বি, বৃহস্পতিবার কোন অঙ্কে চ্যাম্পিয়ন হবে দুই প্রধান?
Kolkata Derby 2026: এই প্রথমবার আইএসএলে খুব ভাল জায়গায় ইস্টবেঙ্গল। অতীতে কোনওদিন আইএসএল চ্যাম্পিয়ন হয়নি লাল-হলুদ। আগেই লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ মরসুম। ট্রফি আদৌ ইস্টবেঙ্গল পাবে কি পাবে না, তা জানতে এখনও অপেক্ষা ৪ দিনের।

কলকাতা : গতকালই ড্র হয়েছে কলকাতা ডার্বি (Kolkata Derby 2026)। ‘ভার্চুয়াল ফাইনাল’ নিয়ে গোটা শহরের আগ্রহ থাকলেও একপ্রকার নিজেদের ভুলেই আইএসএল (ISL 2026) ট্রফি যুবভারতীর ঘাসে ফেলে এল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রায় একাই তিন খানা সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন বিপিন সিং (Vipin Singh)। একই সঙ্গে গোলের সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন অ্যান্টন, বিষ্ণুরাও। ফলত, যে ম্যাচ ৪-৫ গোলে জিততে পারত ইস্টবেঙ্গল, সেই ম্যাচ ১-১ ড্র করেই ফিরতে হল লাল-হলুদকে।
রবিবার ৮৫ মিনিটে এডমুন্ড গোল করে লাল-হলুদকে ১-০ এগিয়ে দিলেও ৫ মিনিটের মধ্যেই দিমিত্রির কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুইঁয়ে বাগানকে সমতা ফিরিয়ে দেন কামিন্স। ফলে, ১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। এই ড্রয়ের ফলে দুই দলের সামনে ট্রফি জয়ের সমীকরণ খুব সহজ। কিন্তু, এখনও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ইস্টবেঙ্গল।
অস্কার ব্রুজোর দলের শেষ ম্যাচ আগামী বৃহস্পতিবার, ২১ মে। প্রতিপক্ষ ইন্টার কাশী। এই ইন্টার কাশীর বিরুদ্ধেই ০-০ ড্র করেছে মোহনবাগান। এমনকি, ইন্টার কাশী আবার ০-০ ফলে আটকে ফেলেছে স্পোর্টিং দিল্লিকেও। ফলে, ইন্টার কাশী যে খুব একটা সহজ প্রতিপক্ষ নয়, ভাল জানেন অস্কার। এই মুহূর্তে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মোট ৪ দল। ইস্টবেঙ্গল, মোহনবাগান, পাঞ্জাব এফসি ও মুম্বই সিটি। কারণ ইস্টবেঙ্গল ও মোহনবাগান যেমন ২৩ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে। তেমন ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব এফসি ও মুম্বই সিটি। এই দুই দলের খেলা একই দিন বিকেল ৫টা নাগাদ। দুই প্রধানের খেলা সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ।
দুই প্রধানের জয়ের সমীকরণ :-
সমীকরণ ১ – ইস্টবেঙ্গল শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে জয় পেল, মোহনবাগান একই সময়ে যুবভারতীতে হওয়া স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল। তাহলে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন।
সমীকরণ ২ – ইস্টবেঙ্গল ইন্টার কাশীর বিরুদ্ধে হারল বা ড্র করল, মোহনবাগান দিল্লির বিরুদ্ধে জিতল। তাহলে, ২৬ পয়েন্ট পেয়ে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন।
সমীকরণ ৩ – ইস্টবেঙ্গল জয় পেল, মোহনবাগান দিল্লিকে ৬ বা ৭ গোলের বড় ব্যবধানে হারাল, তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন। দিল্লির বিরুদ্ধে ৬ গোলের কম ব্যবধানে বাগান জিতলেও গোলপার্থক্যে এগিয়ে থাকার কারণে ট্রফি পাবে লাল-হলুদ।
সমীকরণ ৪ – দুই দলই পয়েন্ট নষ্ট করল, তাহলেও চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল কারণ তারা গোলপার্থক্যে এগিয়ে।
সমীকরণ ৫ – ইস্টবেঙ্গল বা মোহনবাগান যেকোনও মূল্যে পয়েন্ট নষ্ট করল, পাঞ্জাব বা মুম্বইয়ের মধ্যে যেকোনও এক দল জিতল। তাহলে দুই প্রধান নয়, চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব বা মুম্বই সিটি এফসি।
সমীকরণ ৬ – বিকেল ৫টার ম্যাচে যেকোনও এক দল জিতল, এদিকে সন্ধ্যার ম্যাচে দুই প্রধানের মধ্যে যেকোনও এক দল জিতল। তাহলেও ইস্টবেঙ্গলই আইএসএল চ্যাম্পিয়ন হবে। কারণ, পাঞ্জাব বা মুম্বই শেষ ম্যাচ জিতলে সর্বোচ্চ পয়েন্ট পাবে ২৫, সেখানে দুই প্রধানের মধ্যে জয়ী দল পাবে ২৬ পয়েন্ট। সুতরাং, ট্রফি জেতার দিকে সবথেকে সুবিধাজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল।
অতীতে আইএসএলে কোনওদিন এমন পরিস্থিতি হয়নি। এই প্রথমবার আইএসএলে খুব ভাল জায়গায় ইস্টবেঙ্গল। অতীতে কোনওদিন আইএসএল চ্যাম্পিয়ন হয়নি লাল-হলুদ। আগেই লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ মরসুম। ট্রফি আদৌ ইস্টবেঙ্গল পাবে কি পাবে না, তা জানতে এখনও অপেক্ষা ৪ দিনের, তবে যদি, কোনওভাবে লাল-হলুদ চ্যাম্পিয়ন না হয়, সমর্থকরা বিপিন সিংকে ক্ষমা করবেন তো?
