‘অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, আমি তাদেরকে নিয়ে চিন্তিত’ সূর্যকুমারের স্পষ্ট বার্তা!

তবে সূর্যকুমারের বক্তব্য, “যারা অভিষেকের ফর্ম নিয়ে চিন্তা করছে, আমি তাদের নিয়েই চিন্তিত। সে এখনও রান পায়নি ঠিকই, কিন্তু আমি চিন্তিত সেই দলগুলোর জন্য যারা এখন তার মুখোমুখি হবে। অভিষেক ফর্মে থাকলে কী হয়, সেটা সবাই জানে।” তিনি আরও বলেন, এটি দলীয় খেলা। কেউ না পারলে অন্যরা দায়িত্ব নেবে। গত বছর অভিষেক দলকে একাধিকবার টেনেছেন। এবার দল তার পাশে দাঁড়াবে।

‘অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, আমি তাদেরকে নিয়ে চিন্তিত’ সূর্যকুমারের স্পষ্ট বার্তা!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 21, 2026 | 6:33 PM

কলকাতা: সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব অভিষেক শর্মার ফর্ম নিয়ে সমস্ত উদ্বেগ উড়িয়ে দিলেন। আমদাবাদে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, দল অভিষেকের ব্যর্থতা নিয়ে ভাবছে না। বরং তিনি বিশ্বাস করেন, অভিষেক যে কোনও সময়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই শূন্য করেছেন অভিষেক। গ্রুপ পর্বে অসুস্থতার কারণে একটি ম্যাচ খেলতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে আলি খানের বলে আউট হন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে ফিরেও প্রথম ওভারেই সলমন আলি আগার শিকার হন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরিয়ান দত্তের বলে লেগ-স্টাম্প হারান। সব মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র আট বল খেলেছেন তিনি।

তবে সূর্যকুমারের বক্তব্য, “যারা অভিষেকের ফর্ম নিয়ে চিন্তা করছে, আমি তাদের নিয়েই চিন্তিত। সে এখনও রান পায়নি ঠিকই, কিন্তু আমি চিন্তিত সেই দলগুলোর জন্য যারা এখন তার মুখোমুখি হবে। অভিষেক ফর্মে থাকলে কী হয়, সেটা সবাই জানে।” তিনি আরও বলেন, এটি দলীয় খেলা। কেউ না পারলে অন্যরা দায়িত্ব নেবে। গত বছর অভিষেক দলকে একাধিকবার টেনেছেন। এবার দল তার পাশে দাঁড়াবে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২১ ম্যাচে ৮৫৯ রান করেছিলেন অভিষেক। গড় ছিল ৪২ এবং স্ট্রাইক রেট প্রায় ১৯৩। দলে সঞ্জু স্যামসনের মতো বিকল্প থাকলেও আপাতত পরিবর্তনের কথা ভাবছে না টিম ম্যানেজমেন্ট।

এদিকে বোলিং কোচ মর্নি মর্কেলও বলেছেন, ড্রেসিংরুমে অভিষেকের ফর্ম নিয়ে কোনও আলোচনা নেই। তিনি অভিষেককে ‘বিশ্বমানের’ ক্রিকেটার আখ্যা দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ সময়ে সে অবশ্যই খেলবে। তিলক ভার্মার ধীর গতির ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অধিনায়কের দাবি, পরিস্থিতি অনুযায়ী খেলতেই তাকে বলা হয়েছে। শুরুতে দ্রুত উইকেট পড় গেলে, ইনিংস গড়ার দায়িত্ব তাঁর। সূর্যকুমারের বিশ্বাস, তিলকও দ্রুত ছন্দে ফিরবেন। গ্রুপ পর্বে অপরাজিত ভারত এখন সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে আত্মবিশ্বাস নিয়ে। অধিনায়কের কথায় স্পষ্ট, দল অভিষেকের উপর আস্থা রাখছে। বড় মঞ্চে যে কোনও সময় বিস্ফোরক ইনিংস খেলতে তিনি প্রস্তুত।