
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবারের মেগা ম্য়াচ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান ম্যাচের আগে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সতর্ক করছেন ভারতকে। রবিবারের ম্যাচ ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে। বিশ্বকাপে যতবার দেখা হয়েছে ভারত-পাকিস্তানের, নীল জার্সিই জয়ী হয়েছে। ব্যতিক্রম মাত্র একবার। এ বারও ভারতের পাল্লা ভারী? নাকি পাকিস্তান এ বার বাজিমাত করবে? দুই দলই একে অপরকে খুব ভালো করে চেনে। ফলে লড়াই সহজ হবে না। কিন্তু ধারে-ভারে পাকিস্তানের থেকে ভারত অনেকটাই এগিয়ে। তবে পাকিস্তানের বোলিংকে হালকা নেওয়া যাবে না। এমনটাই বলছেন ভাজ্জি।
হরভজন বলছেন,’পাকিস্তানের এক বিশেষ বোলারকে খুবই সাবধানে সামলাতে হবে।’ যদিও তিনি বিশ্বাস করেন, এই ম্যাচে জয়ী হবে ভারত। সংবাদমাধ্যমে হরভজন বলেন, “ভারতই এই ম্যাচ জিতবে। পাকিস্তান দলে একজনই স্পিনার আছে, উসমান তারিক। ও ভালো বোলার, তাই ওকে সামলে খেলতে হবে। ভারতীয় দলও যথেষ্ট সক্ষম। আশা করি চাপের মুখে ওরা নিজের সবটা দিয়েই খেলবে এবং জয়ের পতাকা ওড়াবে।” হরভজনের মতে, আত্মবিশ্বাস বজায় রাখাই হবে ভারতের সাফল্যের চাবিকাঠি।
পাকিস্তানের স্পিনার উসমান তারিক এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। টি-টোয়েন্টিতে গড়ে প্রচুর উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাঁর বোলেং অ্যাকশন আদৌ বৈধ কি না। এই বিতর্কের মধ্যেও ভারতীয় ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন উসমান তারিক। এ কথা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই ম্যাচ নিয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া। তাঁর মতে, বর্তমান ভারতীয় দল আত্মবিশ্বাসে ভরপুর। তিনি বলেন, “এটা দারুণ ম্যাচ হবে। ভারতের ব্যাটিং, বোলিং, নেতৃত্ব সবই এখন খুব ভালো। পাকিস্তান পরপর বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে হেরেছে। তাই চাপটা ওদেরই বেশি থাকবে।”
মোঙ্গিয়া আরও বলেন, আধুনিক ক্রিকেট অনেক বদলে গিয়েছে। ভারতের ক্রিকেটাররা এখন ভয়ডরহীন ক্রিকেট খেলে। কোনও ওভারের একটি চার বা ছয়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই প্রসঙ্গে তিনি প্রশংসা করেন হার্দিক পান্ডিয়ার। চাপের মুখে হার্দিকের পারফর্ম করার ক্ষমতা ভারতের বড় শক্তি বলে মনে করছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স রয়েছে হার্দিকের। সব মিলিয়ে, উত্তেজনায় ভরা এই ভারত-পাকিস্তান ম্যাচে চোখ থাকবে উসমান তারিককে ভারত কীভাবে সামলায় তার ওপরে।