
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান শিবির। স্পিনার উসমান তারিক, যাঁর মিস্ট্রি বোলিং ব্য়াটারদের বিভ্রান্ত করে। তাঁকে নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ক্রিজে এসে হঠাৎ থেমে বল করেন উসমান। আর এই ‘লং পজ’ই তাঁকে আলোচোনার কেন্দ্রবিন্দুতে এনেছেন। ২৮ বছরের তারিকের এই বোলিং স্টাইলই এখন তুমুল চর্চায়। থেমে যাওয়া সেই মুহূর্তেই ব্যাটারদের মনোসংযোগ ভেঙে যায়। ফলে ব্য়াটাররা ছন্দে থাকলেও এই পজ্ই উসমানের সবচেয়ে বড় অস্ত্র। তবে প্রশ্নও উঠেছে, অ্যাকশনটি কতটা বৈধ?
সমালোচকেরা মনে করিয়ে দিচ্ছেন, সেই বহুচর্চিত ক্রিকেটের ‘১৫ ডিগ্রি কনুই ভাঁজের’ নিয়ম। অতীতে পাকিস্তান সুপার লিগেও এ নিয়ে রিপোর্ট দিয়েছিলেন আম্পায়ার। সে কথাও সামনে এসেছে। যদিও পরে লাহোরের ন্যাশেনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে বায়োমেকানিক্যাল পরীক্ষায় পাস করেন উসমান। এ বিষয়ে তিনি নিজেও বলেছেন, তাঁর হাতে দুই কনুইয়ের মতো শারীরিক বৈশিষ্ট্য আছে। ফলে, বল করার সময় স্বাভাবিক ভাবেই কনুই ভাঁজ হয়ে যায়। ইচ্ছাকৃত ভাবে নয়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদের মতে, দীর্ঘক্ষন থামাটা ব্যাটারের মনোসংযোগ ভেঙে দেয়, ফলে সহজ বলও কঠিন হয়ে ওঠে।
অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন বা দক্ষিণ আফ্রিকার ডিয়াল্ড ব্রেভিসকে দেখা গিয়েছে তারিকের বলের ধাঁধায় পড়তে। ফলাফল অবশ্য পাকিস্তানের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপ ২০২৬ ইউনাইটেড স্টেটের বিরুদ্ধে তিনি ৩টি উইকেট নিয়ে নিজেকে প্রমান করেছেন। টি–টোয়েন্টিতে তাঁর শুরুটাও নজরকাড়া। টুর্নামেন্ট যতই এগোচ্ছে, ততই বাড়ছে উসমানের চর্চা। ভারতের সামনে বড় পরীক্ষার নাম উসমান তারিক।