Indian Football : হংকংকে হারিয়ে পদোন্নতি, ক্রমতালিকায় বড় লাফ ভারতের!
AFC Asian Cup : ম্যাচের আগে থেকেই চর্চায় ছিলেন অজি ফুটবলার রায়ান উইলিয়ামস। তিনি ভারতীয় ফুটবলে বেশ পরিচিত মুখ। বহু বছর ধরে তিনি খেলছেন আইএসএলে। তাঁর মা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় কয়েক মাস আগেই নিজের অস্ট্রেলীয় নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হওয়ার আবেদন করেছিলেন রায়ান। সেই আবেদন গ্রাহ্য হওয়ায় অবশেষে দেশের জার্সিতে একজন ভারতীয় হিসেবেই মাঠে নামছেন তিনি

কলকাতা : সদ্য সমাপ্ত হয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার। অবশেষে হংকংকে হারিয়ে জয় এসেছে ভারতের। খালিদ জামিলের ছেলেরা আগের দিন হংকংকে হারিয়েছে ২-১ গোলে। কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতের কাছে এই জয় ছিল গুরুত্বপূর্ণ। এর আগে গ্রূপের বাকি ৫ ম্যাচে ভারতের ফলাফল ছিল শোচনীয়। ৫ ম্যাচ খেলে ২ হার ও ৩ ড্র করেছিল ভারত। অবশেষে শেষ ম্যাচে হংকংকে হারানোয় ৫ পয়েন্ট নিয়ে যাত্রা শেষ করল ভারত। হংকংয়ের বিরুদ্ধে গোল করেছেন আকাশ মিশ্র ও রায়ান উইলিয়ামস। এই জয়ের ফলেই ফিফা ক্রমতালিকায় বিশাল লাফ দিল ভারত।
মঙ্গলবার ম্যাচের আগে ভারত ছিল ১৪১ নম্বরে। তবে জয়ের পর উন্নতি হয়েছে ক্রমতালিকায়। ৫ ধাপ উঠে এসে ভারতের বর্তমান পজিশন এখন ১৩৬। এশিয়ার মধ্যে এটিই তৃতীয় সর্বোচ্চ উন্নতি। ভারত ছাড়া ৫ ধাপ উন্নতি করেছে লাওস ও মায়ানমার। জাতীয় দলের কোচ হিসেবে দেশের মাটিতে এটাই প্রথম জয় খালিদ জামিলের। তাঁর সঙ্গে অভিষেকেই গোল করে চর্চায় রয়েছেন রায়ান উইলিয়ামস।
মঙ্গলবার ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল ভারত। মনবীর সিংয়ের বাড়ানো পাসে গোল করে দলকে এগিয়ে দেন রায়ান। দ্বিতীয়ার্ধে রাহুল ভেকের লম্বা থ্রো থেকে গোল করে যান আকাশ মিশ্র। তবে অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে গিয়েই বিপত্তি ডেকে আনে ভারত। ৬৫ মিনিটে গোল করেন হংকংয়ের এভারটন কামারগো। যদিও তারপর আর কোনও অস্বস্তি হয়নি ভারতের।
ম্যাচের আগে থেকেই চর্চায় ছিলেন অজি ফুটবলার রায়ান উইলিয়ামস। তিনি ভারতীয় ফুটবলে বেশ পরিচিত মুখ। বহু বছর ধরে তিনি খেলছেন আইএসএলে। তাঁর মা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় কয়েক মাস আগেই নিজের অস্ট্রেলীয় নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হওয়ার আবেদন করেছিলেন রায়ান। সেই আবেদন গ্রাহ্য হওয়ায় অবশেষে দেশের জার্সিতে একজন ভারতীয় হিসেবেই মাঠে নামছেন তিনি। তাঁর এই পদক্ষেপ দেখেই উল্লসিত ভারতের ফুটবলপ্রেমীরা। হয়তো এবার সুনীল ছেত্রীর শূন্যস্থান তিনি পূরণ করবেন, এমনই আশা ফুটবল সমর্থকদের।
