
কলকাতা: আইপিএল মরসুমে জয়পুরেই ফিরছে রাজস্থান রয়্যালস। রাজস্থান সরকারের হস্তক্ষেপ ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের ৭টি হোম ম্যাচের মধ্যে ৪টি অনুষ্ঠিত হবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। বাকি তিনটি ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই সোয়াই মান সিং স্টেডিয়ামই ছিল রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ। গত কয়েক বছরে অবশ্য সেই চিত্র বদলেছে। গত পাঁচ বছরে জয়পুরে রাজস্থানের হোম ম্যাচের সংখ্যা নেমে এসেছে মাত্র ১৫তে। এর নেপথ্যে ছিল রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির দ্বন্দ্ব এবং স্টেডিয়ামের অনুন্নত পরিকাঠামো।
সম্প্রতি টাটা প্রজেক্টসের একটি রিপোর্টে এসএমএস স্টেডিয়ামের পরিকাঠামো, বিশেষ করে দর্শক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়। রাজস্থান রয়্যালস সেই রিপোর্টের ভিত্তিতে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার পর বিসিসিআই নিরাপত্তা ইস্যুতে আগের থেকে অনেক সতর্ক। ফলে এই ক্ষেত্রে বিসিসিআই রয়্যালসের উদ্বেগকে গুরুত্ব দেয়। তবে রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিল সেই দাবিকে পুরোপুরি মানতে রাজি হয়নি। তাদের দাবি, বড় ধরনের কোনও সমস্যা নেই স্টেডিয়ামে। শুধুমাত্র কিছু ছোটখাটো মেরামতির কাজ করলেই স্টেডিয়ামটি আবার আগের মতো ম্যাচ খেলার উপযুক্ত হয়ে উঠবে।
পরিস্থিতি জটিল হলে রাজস্থান সরকার সরাসরি উদ্যোগী হয়। রয়্যালসের চেয়ারপার্সন রঞ্জিত বার্থাকুর সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আগাী মরসুমের চারটি হোম ম্যাচ জয়পুরে এবং তিনটি গুয়াহাটিতে হবে। যদিও গত মরসুমের তুলনায় জয়পুরে একটি ম্যাচ কম হচ্ছে। তবুও সম্পূর্ণভাবে ভেন্যু বদল না করা রাজ্য সরকারের সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। রাজস্থান প্রথমে জয়পুরে খেলতে একেবারেই আগ্রহী ছিল না। সোয়াই মান সিং স্টেডিয়ামে মেরামতি ও আধুনিকীকরণের কাজ শুরু করেছে সরকার। সব মিলিয়ে, আইপিএলে আবারও গ্যালারি ভরবে, গোলাপি জার্সিতে সোয়াই মান সিং স্টেডিয়াম মাতাবে জয়পুর।