
কলকাতা : চলতি আইপিএলে (IPL 2026) খুব একটা ভাল অবস্থায় নেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ক্রমাগত হেরে চলেছে দল। ১০ ম্যাচ খেলে নিলেও আইপিএলের প্লে-অফ তো দূরস্ত, এখনও পয়েন্টস টেবিলের প্রথম সারিতে উঠতে পারেনি মুম্বই। এর মধ্যেই দলের আরও আশঙ্কা বাড়িয়ে দলের সঙ্গে রায়পুর গেলেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এর আগের ম্যাচে লখনৌয়ের (Lucknow Supergiants) বিরুদ্ধে হার্দিক খেলেননি। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে না খেলার সম্ভাবনাই বাড়ছে সূর্য ও হার্দিকের।
বুধবার ছত্তিশগড়ের রায়পুর গিয়েছে মুম্বই। আগে জানা গিয়েছিল, হার্দিক রায়পুরের উদ্দেশ্যে রওনা হননি। এবার তাঁর সঙ্গে যোগ হয়েছে সূর্যের নামও। শোনা গিয়েছে, বেশ কয়েকটা ধাপে নাকি রওনা দিয়েছেন খেলোয়াড়রা। তবে হার্দিক বা সূর্য, কাউকেই দেখা যায়নি বিমানবন্দরে। এরপরেই উঠছে একটা অন্য প্রশ্ন। যদি সূর্য বা হার্দিক কেউই না থাকেন, তাহলে মুম্বইয়ের ক্যাপ্টেন কে হবেন? কোথাও কোথাও শোনা যাচ্ছে, দলের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রোহিত শর্মা। এর আগেও রোহিত বহুবছর মুম্বইয়ের ক্যাপ্টেন ছিলেন ও তিনি আইপিএলের সফলতম অধিনায়কদের মধ্যে একজন। তবে এখানে উঠে আসছে অন্য তত্ত্ব। আরসিবির বিরুদ্ধে এই আইপিএলের শুরুর দিকেই চোট পেয়েছিলেন রোহিত। তারপর চোটের কারণে বেশ কয়েক ম্যাচে খেলেননি তিনি। প্রশ্ন উঠছে, তাঁর ফিটনেস নিয়েও। যদি তিনি অধিনায়ক হন, তাহলে ২০ ওভারই ফিল্ডিং করতে হবে রোহিতকে। তিনি কি ২০ ওভার ফিল্ডিং করতে সমর্থ, এই বিষয়েই প্রশ্ন উঠছে।
তবে যদি কোনও কারণে মুম্বইয়ের হয়ে রোহিতকে অধিনায়কত্ব করতে দেখা না যায়, তাহলে মুম্বইয়ের ক্যাপ্টেন হবেন কে ? এই প্রসঙ্গে উঠে আসছে বুমরার নাম। অতীতে জাতীয় টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন বুমরা। আইপিএলে তাঁর ফর্ম না থাকলেও দলের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রোহিতের বদলে এগিয়ে বুমরা। এই আইপিএলে এই মুহূর্তে ৯ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের বাকি আর ৪ ম্যাচ। সেই ৪ ম্যাচ জিতলেও মুম্বইয়ের পয়েন্ট হবে ১৪। সেই ক্ষেত্রে বাকি দলগুলির দিকেও নজর রাখতে হবে মুম্বইকে। তবে, হার্দিক ও সূর্য – দুজনেরই না থাকা নিয়ে গুরুত্বপূর্ণ ও সঙ্কটজনক অবস্থার আগেই রীতিমতো চাপে মুম্বই।