
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা। ১৫ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচটি খেলতে না নামার সিদ্ধান্ত যে খেলোয়াড়দের নয়, তা স্পষ্ট করে দিলেন সলমন। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জয়ের পর সাংবাদিকদের সলমন বলেন, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এর মধ্যে খেলোয়াড়দের কোনও হাত নেই। তিনি স্পষ্ট করেন, “আমরা বিশ্বকাপে যাচ্ছি, এটাও আমাদের সিদ্ধান্ত নয়। সরকার বা পিসিবি আমাদের যা করতে বলবে, আমরা সেটাই করব।”
পাকিস্তান সরকার বিশ্বকাপ অংশগ্রহণে সবুজ সংকেত দিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার বিষয়টিও চূড়ান্ত করেছে তারা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজিত এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। এর আগে পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের সরকার জানিয়েছিল, ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। ৩০ জানুয়ারি কোনও ঘোষণা না আসায় সোমবার সিদ্ধান্ত স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছিল। শেষে রবিবার সন্ধ্যায় নাকভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের পর প্রায় রাত ৮টা নাগাদ সরকারি সিদ্ধান্ত জানানো হয়। যা গোটা ক্রিকেট বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরু হতে আর বাকি নেই এক সপ্তাহও। ফলে ভারত–পাকিস্তান ম্যাচ না হওয়ায় আইসিসি সামনে বড় আর্থিক চ্যালেঞ্জও তৈরি হয়েছে। কারণ এই ম্যাচের বিপুল আর্থিক গুরুত্ব রয়েছে। এই ঘোষণার দিনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জয় পায় পাকিস্তান। সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিশ্বকাপের জন্য তাদের অফিসিয়াল জার্সিও প্রকাশ করে পিসিবি। সর্বশেষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই টিমকে নিয়ে মাঠে নামবে সলমন আলি আগা।