AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI : ঝুলেই রইল অজিত আগরকরের চেয়ার, জাতীয় দলের নির্বাচকের পদে আবেদনই করলেন না পার্থিব

Parthiv Patel: এই সময়ে পার্থিব গুজরাট টাইটান্স দলের কোচ ও কমেন্টেটর - দুই পদেই কাজ চালিয়ে যেতে পারেন। সিনিয়র পুরুষ দলের নির্বাচক কমিটিতে যোগ দেওয়ার পরিবর্তে আপাতত এই দুই দিকেই তাঁর মনোযোগ থাকার সম্ভাবনা বেশি।

BCCI : ঝুলেই রইল অজিত আগরকরের চেয়ার, জাতীয় দলের নির্বাচকের পদে আবেদনই করলেন না পার্থিব
পার্থিব পটেলImage Credit: PTI
| Updated on: Oct 15, 2026 | 11:27 AM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নামই দিলেন না পার্থিব প্যাটেল। এর ফলে এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে অজিত আগরকরের জায়গায় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ওই পদের জন্য আবেদন করেননি পার্থিব। ফলে নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞান ওঝার মেয়াদের বাকি সময়টুকু দায়িত্বে থাকার সম্ভাবনা জোরালো হয়েছে।

পশ্চিমাঞ্চলের নির্বাচক পদে আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। কিন্তু পার্থিব আবেদন না করায় আপাতত সেই পদে অন্য প্রার্থীদের সুযোগ তৈরি হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, ১৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত পার্থিবের কোনও আবেদন জমা পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের বক্তব্য,“বিসিসিআই আবেদনের সময়সীমা বাড়াবে কি না, তা জানা নেই। তবে ১৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত পার্থিব আবেদন করেননি। সময়সীমা বাড়ানো হলে কিংবা তিনি সিদ্ধান্ত বদলালে পরিস্থিতি বদলাতে হতে পারে।” বর্তমানে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিরুপে রয়েছেন প্রজ্ঞান ওঝা। বর্তমান নির্বাচকদের মধ্যে তাঁর টেস্ট ম্যাচ খেলার সংখ্যা বেশি হওয়ার ফলে মেয়াদের বাকি সময়েও চেয়ারম্যান পদে থাকতে পারেন তিনি।

এই মুহূর্তে পার্থিব আগ্রহী না হওয়ার ফলে নির্বাচক পদে নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রাক্তন ভারতীয় স্পিনার রমেশ পাওয়ারের নাম। জুনিয়র পুরুষ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা ছিল তাঁর। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সিনিয়র নির্বাচক পদেও তিনি অন্যতম দাবিদার হতে পারেন। এছাড়াও শোনা গিয়েছে প্রাক্তন উইকেটকিপার সমীর দিঘের নামও। এর আগে নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে পাওয়ার ও দিঘে দু’জনেই আবেদন করেছিলেন।

এই সময়ে পার্থিব গুজরাট টাইটান্স দলের কোচ ও কমেন্টেটর – দুই পদেই কাজ চালিয়ে যেতে পারেন। সিনিয়র পুরুষ দলের নির্বাচক কমিটিতে যোগ দেওয়ার পরিবর্তে আপাতত এই দুই দিকেই তাঁর মনোযোগ থাকার সম্ভাবনা বেশি। এখন দেখার, বোর্ড আদৌ আবেদনের সময়সীমা বাড়ায় কি না ও পশ্চিমাঞ্চলের নির্বাচক পদে শেষ পর্যন্ত কাকে রাখা হয়।

Follow Us