এক ওভারেই বদলে গেল ভাগ্য! আইপিএলের নতুন বিস্ময় প্রতিভা প্রফুল্ল!
SRH vs RR: ২০০২ সালে জন্ম প্রফুল্লের। বিদর্ভের হয়েই খেলেন তিনি। তাঁকে আইপিএলে সুযোগ করে দেন হায়দরাবাদের বোলিং কোচ বরুন অ্যারন। ঘরোয়া ক্রিকেটে তাঁর বোলিং দেখেই এমআরএফ পেস অ্যাকাডেমিতে নিয়ে আসেন বরুন।এই ম্যাচে নামার আগে প্রফুল্লের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল ৫ হাজারের সামান্য বেশি। প্রথম ওভারের পর থেকেই সেই সংখ্যা বাড়তে শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংখ্যাটা তিন লক্ষেরও বেশি।

কলকাতা : আইপিএল মানেই নতুন তারকার জন্ম, অনামী ক্রিকেটারের সুপারস্টার হয়ে যাওয়া। অতীতের এই সংখ্যাটা নেহাত কম নয়। এই আইপিএলে ইতিমধ্যেই তারকা হয়ে উঠেছেন লখনৌয়ের মুকুল চৌধুরী। কেকেআরের বিরুদ্ধে ম্যাচ ঘোরানো ইনিংস খেলেছেন মুকুল। আজ আবার এক তারকার জন্ম দেখল ভারতীয় ক্রিকেট। বিদর্ভের প্রফুল্ল হিঙ্গে। সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন প্রফুল্ল।
২০২৫ সালে টি-টোয়েন্টিতে হিঙ্গের অভিষেক হলেও আইপিএলে গতকাল প্রথমবার নামলেন তিনি। মাত্র ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল সানরাইজার্স। প্রথম ম্যাচেই তিনি পেলেন ৪ উইকেট। এর মধ্যে ৩টি এসেছে প্রথম ওভারেই। প্রথম ওভারে তাঁর শিকার বৈভব সূর্যবংশী, ধ্রুব জুৱেল ও লুইন দি’প্রিটোরিয়াস। অভিষেক ম্যাচে প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে আইপিএলের ১৯ বছরে অসামান্য কীর্তি গড়লেন প্রফুল্ল। এই সাফল্য এর আগে কোনও বোলার পাননি। কিন্তু জাতীয় দলের জার্সিতে এক ম্যাচও না খেলা প্রফুল্ল করে দেখালেন এই দুরন্ত রেকর্ড।
২০০২ সালে জন্ম প্রফুল্লের। বিদর্ভের হয়েই খেলেন তিনি। তাঁকে আইপিএলে সুযোগ করে দেন হায়দরাবাদের বোলিং কোচ বরুন অ্যারন। ঘরোয়া ক্রিকেটে তাঁর বোলিং দেখেই এমআরএফ পেস অ্যাকাডেমিতে নিয়ে আসেন বরুন। তাঁর প্রশিক্ষণেই নিজের বোলিংয়ে উন্নতি করা শুরু করেন বরুন। রঞ্জিতে প্রফুল্ল পেয়েছিলেন ১০ ম্যাচে ২৭ উইকেট। সেখান থেকে আইপিএলের যাত্রার প্রথম পদক্ষেপেই নিজের ছাপ রেখে দিলেন প্রফুল্ল। এর আগের ম্যাচেই তাঁকে খেলানোর কথা ভাবা হলেও শেষ পর্যন্ত খেলা হয়ে ওঠেনি। আজ মাঠে নেমেই নিজের দক্ষতার প্রমান দিলেন প্রফুল হিঙ্গে।
এই ম্যাচে নামার আগে প্রফুল্লের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল ৫ হাজারের সামান্য বেশি। প্রথম ওভারের পর থেকেই সেই সংখ্যা বাড়তে শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংখ্যাটা তিন লক্ষেরও বেশি। এক ওভারই বদলে দিল প্রফুল্লর ভাগ্য। চমৎকার তো একেই বলে!
