
কলকাতা: রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। বুধবার সেমিফাইনালে বাংলাকে ৬ উইকেটে হারিয়ে, প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে জায়গা করে নিল জম্মু। দুইবারের চ্যাম্পিয়ন বাংলার বিরুদ্ধে এই জয় শুধুই ম্যাচ জয় নয়, বরং জম্মুর কাছে এটি একটি বিরাট সাফল্য়ের বিষয়। ফাইনাল ম্য়াচে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কর্ণাটক। এই ম্য়াচের নায়ক আকিব নবি। তিনি একাই প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। সব মিলিয়ে, ম্যাচে তিনি পেয়েছেন ১৩ উইকেট। কার্যত তাঁর একার সামনেই মাত্র ৯৯ রানে শেষ হয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস। শুরুর দিকে চার উইকেট পড়ে গেলেও, ভনশজ শর্মার ৪৩ রান ও আবদুল সামাদের ৩০ রান সহজেই তাঁদের লক্ষ্যে পৌঁছে দেয়।
প্রথম ইনিংসে দাপুটে পারফরম্য়ান্স ছিল বঙ্গের। দুর্দান্ত ব্য়াটিং করেন সুদীপ কুমার ঘরামি। তিনি একাই ১৪৬ রান করেন। কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনালেও সেঞ্চুরি করে বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন সুদীপ। প্রথম ইনিংসে ৩০২ রানেই অলআউট হয়ে যায় জম্মু। একাই ৮ উইকেট নিয়ে কার্যত জাতীয় দলের নির্বাচকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সামি। ২৬ রানের লিড নেওয়া সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে ১০০ রান তুলতে ব্যর্থ বাংলা। ৯৯ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট পেয়েছেন নবি। মাত্র ১২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে ৪ উইকেট হারিয়েই সেই রান তুলে ফেলে জম্মু। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়েছেন আকাশ দীপ। একটি মাত্র উইকেট সামির।
২০২৩ সালের পর ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হল বাংলার। অন্যদিকে, ৬৭ বছরের অভিশাপ কাটিয়ে প্রথমবার রঞ্জির ফাইনালে জায়গা করে নিলেন সামাদরা। প্রথমবার ফাইনালে ওঠা এই দলটির এখন আত্মবিশ্বাস তুঙ্গে। কর্ণাটকের বিরুদ্ধে সম্ভাব্য ফাইনালে কি জম্মু আরও একবার ইতিহাস গড়তে পারবে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।