FIFA World Cup 2026, POR vs COL score: মেসির মাঠে নিষ্প্রভ রোনাল্ডো, ভার ভাগ্যই বাঁচাল পর্তুগালকে!
Por vs Col: এই ম্যাচে ড্রয়ের ফলে গ্ৰুপে দ্বিতীয় স্থানে শেষ করল পর্তুগাল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একে হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ফলে, যাও বা কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বনাম আর্জেন্টিনা দেখার সুযোগ ছিল ফুটবল ভক্তদের, তা ফাইনালের আগে আর সম্ভব নয়।

পর্তুগাল – ০ : কলম্বিয়া – ০
মায়ামি : শেষ ম্যাচে জয় দরকার ছিল এক নম্বরে থাকতে। জয় তো এলই না, উল্টে কোনও রকমে কেঁদে, কঁকিয়ে হার বাঁচাল পর্তুগাল (Portugal)। লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami CF) ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। উল্টে পর্তুগালের কপাল ভাল, আজ হেরে ফিরতে হয়নি, তার জন্য ক্রেডিট দিতেই হবে ভার (VAR) কে। যেভাবে একটা ন্যায্য গোলকে স্রেফ নিয়মের গেরোয় ফেলে বাতিল করা হল, তাতে বলাই যায়, এই পর্তুগালের কপাল ভাল।
উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। ফলে, সমর্থকদের আশা ছিল, এই ম্যাচেও গোল করবেন তিনি। ও বাবা, কোথায় কী? গোটা ম্যাচে রোনাল্ডো কতবার গোলের সুযোগ পেয়েছেন সেটাই মনে পড়ছে না। এটা জানাই ছিল, এই কলম্বিয়া ছেড়ে কথা বলবে না। হলও তাই। সারাক্ষন একজন ডিফেন্ডার গঁদের আঠার মতো লেগে রইলেন রোনাল্ডোর সঙ্গে। তাঁকে পেরিয়ে গোলই করতে পারলেন না পর্তুগিজ মহাতারকা। গোটা ম্যাচে ২৬টি শট মেরেছে কলম্বিয়া। বল পজেশন ৫৫%। সেখানে পর্তুগালের মোট শট ১৩। গোটা ম্যাচে মাত্র দুই বার বিপক্ষের গোলে বল মেরেছে পর্তুগাল। যদিও ১৭ মিনিটে কলম্বিয়ার সুযোগ নষ্ট হয়। গোটা পর্তুগাল দলে ভাল খেলেছেন গোলকিপার দিয়েগো কোস্তা। প্রায় গোটা পাঁচেক গোলের সুযোগ একাই প্রতিহত করেছেন কোস্তা। ব্রুনো ফার্নান্দেজ থেকে জোয়াও ফেলিক্স – সবাই ব্যর্থ।
ম্যাচের একদম শেষ মুহূর্তে কলম্বিয়ার হয়ে গোল করে দেন ডেভিনসন স্যাঞ্চেজ। কিন্তু ভার নিয়মের ফাঁদে কয়েক ইঞ্চি অফসাইড থাকার কারণে তাঁর গোল বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, তাঁর বুটের সামনের অংশটুকু অফসাইড ছিল। যদিও এই নিয়ম নিয়ে প্রশ্ন উঠছে, আদৌ কি বুটের অগ্রভাগ অফসাইড থাকায় গোলটিকে অফসাইড বলে দাগিয়ে দেওয়া যায়? যদিও এই প্রসঙ্গে মনে পরে যাচ্ছে, গত বিশ্বকাপে হওয়া একটি বিতর্কিত গোল। সেই বার জার্মানি বনাম জাপান ম্যাচে বলের ছায়া গোললাইনের ভিতরে থাকায় গোল দেওয়া হয়েছিল জার্মানির বিপক্ষে। তবে আজ পর্তুগালের কিছুই করা ছিল না গোটা ম্যাচে। না দেখা গেল সেই আক্রমণ, না পাওয়া গেল ছন্দে থাকা রোনাল্ডোকে। ফলে, আজকের ম্যাচ ড্র করে নিজেরাই নিজেদের কাজ কঠিন করল পর্তুগাল।
এই ম্যাচে ড্রয়ের ফলে গ্ৰুপে দ্বিতীয় স্থানে শেষ করল পর্তুগাল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একে হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ফলে, যাও বা কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বনাম আর্জেন্টিনা দেখার সুযোগ ছিল ফুটবল ভক্তদের, তা ফাইনালের আগে আর সম্ভব নয় । রাউন্ড অফ ৩২-এ পর্তুগালের মুখোমুখি হবে লুকা মড্রিচের ক্রোয়েশিয়া। একই সঙ্গে কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার। তবে একটা কথা বলতেই হচ্ছে, এই পর্তুগাল দল যদি এখনও নিজের পরিবর্তন না করে, তাহলে বিশ্বকাপ ছাড়াই ফিরতে হবে রোনাল্ডোকে।
