ভোটের ময়দানে খেলার কারা ? মাত্র ৪ জন প্রতিনিধি!

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ৪ মে। ইতিমধ্যেই ৩ মে-র কলকাতা ডার্বি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পর্যাপ্ত পুলিশ না পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ মে জানা যাবে, বাংলার মসনদে শেষ পর্যন্ত কে বসছেন।

ভোটের ময়দানে খেলার কারা ? মাত্র ৪ জন প্রতিনিধি!
Image Credit source: BJP Official Website, Facebook/@ShibMaco

| Edited By: Moumita Das

Mar 17, 2026 | 6:10 PM

কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। আজ, মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একসঙ্গে ২৯৪ আসনের প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম ও প্রধান বিরোধী দল বিজেপি। তারা ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে ময়না থেকে প্রার্থী হিসেবে ময়দানে নামিয়েছে। এই চ্যালেঞ্জের ফলে আজ তৃণমূলের তালিকায় যোগ্য জবাব পাওয়া গিয়েছে বলেই ধারণা রাজনৈতিক মহলের। বাংলার খেলাধুলোর সঙ্গে পরিচিত মুখদের নিজেদের দলে টেনেই ভোটে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চাইছে বাংলার প্রধান রাজনৈতিক দলগুলি। তবে আজ ২০২৬ সালের বিধানসভা ভোটে প্রার্থীঘোষণা করে আজ তৃণমূলও খেলা ও রাজনীতিকে একই আঙিনায় ফেলে বাজিমাত করতে চাইছে।

রাজগঞ্জ থেকে ভোটে দাঁড়ালেন অ্য়াথলিট স্বপ্না বর্মন। এই প্রথম রাজনীতিতে প্রবেশ স্বপ্নার। ২০১৮ সালে এই জনপ্রিয় হেপ্টাথলিস্ট এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। এরপর রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করে রায়গঞ্জের বিধায়ক হওয়ার রাস্তায় একধাপ এগিয়ে গেলেন স্বপ্না। তুফানগঞ্জ থেকে প্রার্থী হলেন বঙ্গ ক্রিকেটের ‘ম্যাকো’ শিবশঙ্কর পাল। তুফানগঞ্জেই জন্ম শিবশংকরের। প্রথমবার নিজের এলাকা থেকেই ‘ভূমিপুত্র’ হিসেবে লড়বেন ম্যাকো। প্রসঙ্গত, আজই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। এছাড়াও সুযোগ পাননি বিদেশ বসু। শিবপুরের প্রাক্তন বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এই ভোটে টিকিট পেলেন না। তাঁর বদলে লড়বেন ডক্টর রানা চট্টোপাধ্যায়। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত রাজ্যের ক্রীড়া ও যুবমন্ত্রী ছিলেন লক্ষ্মীরতন শুক্ল। কিন্তু তাঁর পদত্যাগের পর এই কেন্দ্র অর্থাৎ হাওড়া উত্তর থেকে দাঁড়াবেন গৌতম চৌধুরী। অতীতে তৃণমূলের হয়ে ভোট দাঁড়িয়েছেন মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্ল, বিদেশ বসু, রহিম নবীর মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। এই বছর উলুবেড়িয়ার বদলে চুঁচুড়ার সপ্তগ্রাম থেকে ভোটে দাঁড়ালেন বিদেশ বসু।
বিজেপির পাল্লাও কম ভারী নয়। অশোক দিন্দা হোক বা বর্তমান এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে – বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ভারতীয় বিখ্যাত প্রাক্তন খেলোয়াড়রা। ২০২১ সালে বিজেপিতে যোগদান করে পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে জিতেছিলেন অশোক দিন্দা। ২০২৬ সালেও ময়নাতে তাঁর উপরেই আস্থা রেখেছে বিজেপি নেতৃত্ব। দেশের প্রাক্তন কিপার কল্যাণ চৌবে ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা ভোটের উপ-নির্বাচনে প্রার্থী হলেও দুই বারই হার স্বীকার করতে হয়েছে তাঁকে। ২৯৪ টি আসনের মধ্যে ১৫২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ব্রিগেড। এখনও ১৪০টি আসনের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। আশা করা হচ্ছে, হয়ত তার মধ্যে একটিতে কল্যাণ চৌবে দাঁড়াতে পারেন।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ৪ মে। ইতিমধ্যেই ৩ মে-র কলকাতা ডার্বি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পর্যাপ্ত পুলিশ না পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ মে জানা যাবে, বাংলার মসনদে শেষ পর্যন্ত কে বসছেন। তবে খেলার সঙ্গে রাজনীতির মিশেলে বাংলার খেলার ভাগ্যাকাশে সূর্যোদয় হয়ে কি না, দেখার অপেক্ষায় বঙ্গবাসী।

Follow Us